বাজারের চাহিদা বুঝে ফসল উৎপাদনের আহ্বান প্রতিমন্ত্রীর
শনিবার, ২১ নভেম্বর, ২০২৬ ৭:২৫ অপরাহ্ন
শেয়ার করুন:
কৃষিতে উৎপাদন বাড়ানোর পাশাপাশি বাজারের চাহিদা বিবেচনায় নিয়ে ফসল উৎপাদনের ওপর গুরুত্ব দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেছেন, চাহিদার তুলনায় বেশি উৎপাদনের কারণে কৃষক যাতে লোকসানে না পড়েন, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। পরিকল্পিত ও আধুনিক কৃষি ব্যবস্থাপনার মাধ্যমে দেশের চাহিদা পূরণের পাশাপাশি কৃষিপণ্য বিদেশে রপ্তানির সক্ষমতাও বাড়াতে হবে।
শনিবার (২১ নভেম্বর) সকাল ১০টায় বগুড়ার শিবগঞ্জ মসলা গবেষণা কেন্দ্রের সেমিনার কক্ষে আয়োজিত কৃষক প্রশিক্ষণ ও কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠানে মসলা ফসলের আধুনিক উৎপাদন কলাকৌশল বিষয়ে কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হয়।
মীর শাহে আলম বলেন, পেঁয়াজের ক্ষেত্রে বাংলাদেশকে এখন আর আমদানির ওপর নির্ভর করতে হয় না। ভারত যেসব পণ্য নিয়ে বাংলাদেশকে চ্যালেঞ্জ করে, সেসব ক্ষেত্রেই নিজেদের উৎপাদন সক্ষমতা গড়ে তুলতে চায় সরকার। অন্য কোনো দেশের ওপর নির্ভরশীল না থেকে দেশের প্রয়োজনীয় পণ্য দেশেই উৎপাদন করতে হবে।
আয়োডিন আমদানির প্রসঙ্গ তুলে প্রতিমন্ত্রী বলেন, লবণে আয়োডিন মেশানোর জন্য ভারত থেকে আয়োডিন আমদানি করতে হয়। এতে প্রতিবছর প্রায় ১০০ কোটি টাকা ব্যয় হয়। এই নির্ভরতা কমাতে দেশে আয়োডিন উৎপাদনের লক্ষ্যে তিনি ব্যক্তিগত উদ্যোগে একটি কারখানা স্থাপনের উদ্যোগ নিয়েছেন।
তিনি বলেন, ‘আমরা ভারত থেকে আয়োডিন আনতে চাই না। দেশের প্রয়োজন দেশের উৎপাদন দিয়েই মেটাতে চাই।’
কৃষকদের অবদানের কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, দেশের খাদ্য চাহিদা পূরণের পাশাপাশি কৃষিপণ্য বিদেশেও রপ্তানি হচ্ছে। এ অর্জনের পেছনে কৃষকদের শ্রম ও অবদান সবচেয়ে বেশি।
এ সময় বগুড়া-২ আসনের সব কৃষিজমির মাটি বিনা মূল্যে পরীক্ষার ব্যবস্থা করার ঘোষণা দেন তিনি। এ জন্য রাজস্ব খাত থেকে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেওয়া হবে। মাটি পরীক্ষার মাধ্যমে জমির প্রকৃত পুষ্টি চাহিদা নির্ধারণ করা সম্ভব হবে। এতে কৃষকেরা জমির প্রয়োজন অনুযায়ী সঠিক মাত্রায় সার ব্যবহারে উৎসাহিত হবেন।
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ড. মুহাম্মদ আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য অধ্যাপক ড. গোলাম হাফিজ, বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালক ড. আব্দুল মজিদ প্রামাণিক, শিবগঞ্জ মসলা গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মাসুদ আলম এবং শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রুপসী বিডি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মীর শাকরুল আলম সীমান্ত, শিবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হান্নান, উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমানসহ কৃষি বিভাগের কর্মকর্তা, গবেষক, স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন এলাকার কৃষকেরা।
১৫০ বার পড়া হয়েছে