চাঁপাইনবাবগঞ্জে সংঘর্ষ ও বাড়িঘরে লুটপাট: ১০ ককটেল উদ্ধার, আটক ৫
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬ ১১:২৬ অপরাহ্ন
শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জের মহারাজপুরে দুই গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। ঘটনার পর অভিযান চালিয়ে পুলিশ ১০টি তাজা ককটেল উদ্ধারসহ ৫ জনকে আটক করেছে। তীব্র উত্তেজনার পর এলাকায় বর্তমানে পুলিশ মোতায়েন রয়েছে।
স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, মহারাজপুর এলাকায় ওদুদ মহরিল এবং জালাল মেম্বার গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। গত মঙ্গলবার সন্ধ্যায় জালাল মেম্বারের ওপর প্রতিপক্ষ হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হলে তাকে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এই হামলার জের ধরে বুধবার সকালে মহারাজপুর নতুনপাড়া গ্রামের দুরুল হোদার বাড়িতে হামলা চালায় জালাল মেম্বারের সমর্থকেরা। দুরুল হোদার পরিবারের দাবি, তাদের সঙ্গে কোনো পক্ষের সক্রিয় সম্পৃক্ততা না থাকা সত্ত্বেও বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে। হামলাকারীরা ঘর থেকে নগদ এক লাখ ৭৫ হাজার টাকা ও কয়েক ভরি স্বর্ণালংকার নিয়ে যায়।
খবর পেয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তীতে পুলিশ ওই এলাকায় তল্লাশি চালিয়ে ১০টি তাজা ককটেল উদ্ধার করে এবং ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ৫ জনকে আটক করে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন আকন্দ জানান, আধিপত্য বিস্তারের পূর্ব বিরোধের জেরেই এই সহিংসতার ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে এবং জড়িত অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
১৬৮ বার পড়া হয়েছে