কুমিল্লায় পুলিশের ৭২ ঘণ্টার অভিযানে আটক ৫৪৪
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬ ১০:৫৩ অপরাহ্ন
শেয়ার করুন:
কুমিল্লায় মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, ছিনতাইকারী ও নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম প্রতিরোধে পুলিশের ৭২ ঘণ্টার বিশেষ অভিযানে ৫৪৪ জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে নিষিদ্ধ সংগঠনের ১০৭ জন সদস্য রয়েছেন। এ ঘটনায় ৩৪১ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
কুমিল্লা জেলার বিভিন্ন এলাকায় রোববার থেকে মঙ্গলবার গভীর রাত পর্যন্ত পুলিশের এ বিশেষ অভিযান পরিচালিত হয়। বুধবার দুপুরে জেলা পুলিশের মিডিয়া সেল থেকে অভিযানের বিষয়টি জানানো হয়।
পুলিশ জানায়, পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশনায় জেলা পুলিশের সব ইউনিট ও গোয়েন্দা পুলিশ (ডিবি) যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। অভিযানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সরাসরি অংশ নেন।
অভিযানে আটক ৫৪৪ জনের অপরাধে সম্পৃক্ততার বিষয়টি যাচাই-বাছাই করা হয়। এর মধ্যে ৩৪১ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। বাকি ২০৩ জনের কাছ থেকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. লুৎফর রহমান বলেন, মাদক, কিশোর অপরাধ, ছিনতাই, চুরি ও নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম প্রতিরোধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
১৬২ বার পড়া হয়েছে