সুন্দরবনের দুবলার চরে গোসলে নেমে পর্যটক নিখোঁজ, দ্বিতীয় দিনেও চলেছে তল্লাশি
রবিবার, ৮ নভেম্বর, ২০২৬ ১২:৫৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সুন্দরবনের দুবলার চরের আলোরকোল সমুদ্রসৈকতে গোসল করতে নেমে স্রোতের টানে তলিয়ে গেছেন রিয়াজ আহমেদ নামের এক পর্যটক। নিখোঁজের দ্বিতীয় দিনেও বঙ্গোপসাগর ও আশপাশের উপকূলীয় এলাকায় কোস্টগার্ড এবং বন বিভাগের যৌথ উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। শুক্রবার দুপুরে সহকর্মীদের সাথে সমুদ্রে নামার পর তিনি নিখোঁজ হন।
নিখোঁজ রিয়াজ আহমেদ ময়মনসিংহের ভালুকা পৌরসভার কাঠালী পশ্চিমপাড়ার বাসিন্দা আবুল বাষার ঢালীর ছেলে। গত বৃহস্পতিবার ‘সুন্দরবন ইকোট্যুরিজম-২’ নামের একটি ছোট পর্যটকবাহী লঞ্চে তিনি সহ ১৯ জন যাত্রী সুন্দরবনের উদ্দেশ্যে রওনা দেন।
সাতক্ষীরা রেঞ্জের কদমতলী স্টেশন থেকে তিন দিনের পাস নিয়ে দলটি মান্দারবাড়ী নৌপথ হয়ে আলোরকোলে পৌঁছায়। পরবর্তীতে চরে নেমে সমুদ্রে সাঁতার কাটার সময় রিয়াজ সাগরের প্রবল ঢেউ ও স্রোতের কবলে পড়েন।
আলোরকোল শুঁটকি পল্লির রামপাল জেলে সমিতির সভাপতি মোতাসিম ফরাজী ও সাধারণ সম্পাদক মো. জাকির শেখ জানান, উপকূলের কাছে নোঙর করা লঞ্চ থেকে নেমে তিনজন সাগরে নামেন। উচ্ছ্বাস প্রকাশের একপর্যায়ে একজন তলিয়ে গেলে জেলেরা ট্রলার নিয়ে তল্লাশি শুরু করলেও তাকে উদ্ধার করতে পারেননি।
কোস্টগার্ড পশ্চিম জোনের (মোংলা) মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. আবুল কাশেম জানান, খবর পাওয়ার পরপরই কোস্টগার্ডের একটি বিশেষ টহল দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করেছে।
সুন্দরবন বিভাগের দুবলা জেলে পল্লী টহল ফাঁড়ির ইনচার্জ ফরেস্ট রেঞ্জার মো. খলিলুর রহমান জানান, তীব্র ঢেউ ও অন্ধকার থাকার পরও শনিবার দুপুর পর্যন্ত যৌথ টহল ও উদ্ধার অভিযান অব্যাহত রাখা হয়েছে।
১১৫ বার পড়া হয়েছে