দৌলতপুরে ২১ মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ ১১:৩৯ অপরাহ্ন
শেয়ার করুন:
কুষ্টিয়ার দৌলতপুরে পুলিশের বিশেষ অভিযানে ২১ মামলার সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত পলাতক আসামি আব্দুল মতিন খোকনসহ মোট ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা এসব আসামিকে উপজেলার বিভিন্ন এলাকায় সারারাত অভিযান চালিয়ে আটক করা হয়। সোমবার দুপুরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার হওয়া সাজাপ্রাপ্ত প্রধান আসামি আব্দুল মতিন খোকন দৌলতপুর উপজেলার সদর ইউনিয়নের পঁচামাদিয়া গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধে ৭টি মামলায় সাজা পরোয়ানা এবং ১৪টি মামলায় সিআর পরোয়ানা জারি ছিল। দীর্ঘদিন ধরে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে পলাতক ছিলেন।
অভিযানে গ্রেপ্তারকৃত অন্যান্য আসামিরা হলেন—আকবর আলী মোল্লা (৫৫), রাশেদুল ইসলাম (৩০), স্বপন আলী (৩০), জীবন আলী (২৩), রুবেল শেখ (৫৫), আশরাফুল ইসলাম (৪০), বাদশা ইসলাম (২৫) ও আসাদুর রহমান বাচ্চু (৩৫)। তাঁদের বিরুদ্ধেও বিভিন্ন অভিযোগে পরোয়ানা ছিল।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং চিহ্নিত অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশের বিশেষ তদারকি অভিযান অব্যাহত থাকবে।
১১০ বার পড়া হয়েছে