মোংলায় মাহিন্দ্রা-অটোভ্যান সংঘর্ষে অন্তঃসত্ত্বা ইপিজেড কর্মী নিহত, আহত ৭
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ ৪:৪০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
মোংলা ইপিজেড থেকে কাজ শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় কাকলি বেগম (২৮) নামের এক অন্তঃসত্ত্বা নারী শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ৭ জন কর্মী গুরুতর আহত হন। বৃহস্পতিবার সন্ধ্যায় মোংলা বন্দর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় মাহিন্দ্রা ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত কাকলি বেগম বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার বাসিন্দা। তিনি স্বামী শাহিনের সঙ্গে মোংলা পৌর শহরের শাহজালাল পাড়া এলাকায় বাসা ভাড়া থেকে স্থানীয় ইপিজেডের একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় ছুটি শেষে ইপিজেড শ্রমিকরা একটি মাহিন্দ্রায় চড়ে বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বন্দর বাসস্ট্যান্ড সংলগ্ন স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোভ্যানের সাথে বাহনটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মাহিন্দ্রাটি উল্টে গিয়ে শ্রমিকরা সড়কে ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই অন্তঃসত্ত্বা কাকলি বেগম প্রাণ হারান এবং ৬-৭ জন নারী শ্রমিক মারাত্মক আহত হন।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে মোংলা বাসস্ট্যান্ড মাহিন্দ্রা-ইজিবাইক সমিতির সভাপতি সাব্বির মাহমুদ মাসুম জানান, ইপিজেডের ছুটি শেষে শ্রমিক বহনকারী গাড়ির সাথে অটোভ্যানের সংঘর্ষেই এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দারা জানান, পরিবহন চালকদের বেপরোয়া গতি ও প্রতিযোগিতা এবং প্রশাসনের অনিয়মিত তদারকির কারণেই মহাসড়কে একের পর এক দুর্ঘটনা ঘটছে। অবিলম্বে দোষী চালকদের আইনি আওতায় আনার জোর দাবি জানিয়েছেন তারা।
ঘটনার বিষয়ে মোংলা থানার পুলিশ জানায়, খবর পেয়েই দ্রুত দুর্ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের মরদেহ উদ্ধারসহ এ বিষয়ে আইনানুগ প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।
৪৬৯ বার পড়া হয়েছে