সর্বশেষ

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জের প্রতিটি পূজামণ্ডপে বসছে সিসিটিভি, জোরদার হচ্ছে নিরাপত্তা

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ ৩:০৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে চাঁপাইনবাবগঞ্জের প্রতিটি পূজামণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে নিরাপত্তা নিশ্চিতে মন্দিরভিত্তিক স্বেচ্ছাসেবক দল গঠনসহ পুলিশি টহলের বিশেষ উদ্যোগ নিয়েছে জেলা পুলিশ প্রশাসন। আগামী ১৬ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া এই উৎসবকে ঘিরে জেলাজুড়ে নেওয়া হচ্ছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা।

জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক বিশেষ মতবিনিময় সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে আসন্ন শারদীয় উৎসবের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের সভাপতিত্বে সভায় পূজার দিনগুলোতে নিশ্ছিদ্র নিরাপত্তা বজায় রাখার ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়।

মতবিনিময় সভায় পুলিশ সুপার জানান, উৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রতিটি মণ্ডপকে সিসিটিভি নজরদারির আওতায় আনা বাধ্যতামূলক। এর পাশাপাশি প্রতিটি উপাসনালয়ে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সমন্বয়ে স্বেচ্ছাসেবক দল গঠিত হবে, যারা সার্বক্ষণিক নিরাপত্তা তদারকিতে পুলিশকে সহায়তা করবে।

সভায় উপস্থিত অতিরিক্ত পুলিশ সুপার এ এন এম ওয়াসিম ফিরোজ আইনশৃঙ্খলার বিভিন্ন দিক তুলে ধরেন। এছাড়া বক্তব্য দেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি ডাবলু কুমার ঘোষ, সাধারণ সম্পাদক ধনঞ্জয় চ্যাটার্জী এবং হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা সাধারণ সম্পাদক দিলিপ রায়সহ বিভিন্ন উপজেলা ও পৌর কমিটির প্রতিনিধিরা।

বক্তারা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে উৎসব উদযাপনে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্থানীয় সাধারণ জনগণ ও মণ্ডপ কমিটির সদস্যদের সক্রিয় সহযোগিতা কামনা করেন। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, উৎসব চলাকালীন পোশাকি পুলিশের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারিও অব্যাহত থাকবে।

উল্লেখ্য, চলতি বছরের ১৬ অক্টোবর থেকে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হবে। এবার চাঁপাইনবাবগঞ্জ জেলার পাঁচটি উপজেলায় সর্বমোট ১৬৩টি পূজামণ্ডপে দেবী দুর্গার আরাধনা করা হবে বলে জেলা পূজা উদযাপন কমিটি নিশ্চিত করেছে।

১০৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০