চাঁপাইনবাবগঞ্জে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা: শিক্ষকের ৫ বছরের কারাদণ্ড
সোমবার, ৫ অক্টোবর, ২০২৬ ১১:১৩ অপরাহ্ন
শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এক স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে গোলাম কবির (৫৪) নামের এক স্কুল শিক্ষককে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সোমবার এই রায় ঘোষণা করেন। একই সঙ্গে দণ্ডপ্রাপ্ত আসামিকে পাঁচ হাজার টাকা জরিমানার আদেশ দেওয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্ত গোলাম কবির শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর কাঠালিয়াপাড়া এলাকার বাসিন্দা। তিনি ছত্রাজিতপুর উচ্চ বিদ্যালয়ের শারীরিক ও স্বাস্থ্যবিষয়ক শিক্ষক ছিলেন। আদালত সূত্রে জানা গেছে, নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর (সংশোধিত ২০২০) ১০ ধারায় আসামিকে দোষী সাব্যস্ত করে এ সাজা দেওয়া হয়।
মামলার এজাহার অনুযায়ী, ২০২২ সালের ২১ আগস্ট বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রী জীববিজ্ঞানের বই চাইলে শিক্ষক গোলাম কবির তাকে ২৩ আগস্ট বিকেলে বিদ্যালয়ে আসতে বলেন। নির্ধারিত সময়ে ওই ছাত্রী বিদ্যালয়ে গেলে অভিযুক্ত শিক্ষক তাকে স্কুল শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্টের অফিসকক্ষে নিয়ে যান। সেখানে দরজা-জানালা বন্ধ করে তাকে কুপ্রস্তাব দেওয়ার পাশাপাশি জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালান।
সে সময় স্থানীয়রা বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিকভাবে অফিসকক্ষের জানালার কাচ ভেঙে ফেলেন। পরিস্থিতি বেগতিক দেখে ওই ছাত্রী মানসম্মানের ভয়ে বাথরুমে গিয়ে আত্মগোপন করে। পরে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত শিক্ষককে আটক করতে সক্ষম হয়।
এ ঘটনার পর ভুক্তভোগী ছাত্রীর চাচা বাদী হয়ে শিবগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলাটির দীর্ঘ বিচারিক প্রক্রিয়া এবং সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় প্রদান করেন।
রায় ঘোষণার পর সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. আব্দুস সালাম। তিনি গণমাধ্যমকে জানান, একজন শিক্ষকের কাছ থেকে এমন আচরণ অত্যন্ত লজ্জাজনক ও নিন্দনীয়। এই রায়ের মাধ্যমে সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে এবং ভবিষ্যতে শিক্ষকরা এ ধরনের অপরাধ থেকে বিরত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
১১৪ বার পড়া হয়েছে