সাহস থাকলে দেশে আসুন, ফাঁসির মঞ্চ প্রস্তুত: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ ২:০৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। শনিবার জামালপুরে জেলা বিএনপি আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, অনলাইনে হুঙ্কার না দিয়ে সাহস থাকলে এখনই দেশে ফিরে আসুন। জনগণের রক্তপাতের বিচার এড়াতে আওয়ামী লীগ নেতাদের অবিলম্বে দেশে ফেরার হুঁশিয়ারি দেন তিনি।
জামালপুর শহরের স্টেশন রোডস্থ জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে তথ্য প্রতিমন্ত্রী অভিযোগ করেন, বিগত স্বৈরাচারী সরকার দেশের জনগণের ওপর নির্মম অত্যাচার চালিয়েছে। মা-বোনদের বুক খালি করে এবং শিশুদের হত্যা করে তারা যে অপরাধ করেছে, তার বিচার বাংলার মাটিতেই হবে।
ইয়াসের খান চৌধুরী বলেন, বিচারের মুখোমুখি হতে ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করার প্রয়োজন নেই। অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে ফাঁসির মঞ্চ ও দেশের প্রচলিত আইন প্রস্তুত আছে। সাহস থাকলে বুকের পাটা দেখিয়ে অবিলম্বে বাংলাদেশে চলে আসার চ্যালেঞ্জ ছুড়ে দেন তিনি।
দেশের উন্নয়ন প্রসঙ্গে তথ্য প্রতিমন্ত্রী বলেন, বিগত আমলে আওয়ামী লীগ সরকার উন্নয়নের নামে কেবল হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে। ঢাকা শহরের কয়েকটি সেতু আর ওভারপাস দেখিয়ে তারা জনগণের অর্থ বিদেশে পাচার করেছে। জামালপুর কিংবা ময়মনসিংহের নান্দাইলসহ দেশের কোথাও প্রকৃত কোনো উন্নয়ন করা হয়নি বলে দাবি করেন তিনি।
জেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য ফরিদুল কবির তালুকদার শামীমের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন, সুলতান মাহমুদ বাবু এবং জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক।
এছাড়া সমাবেশে জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি লোকমান আহমেদ খান লোটন, যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুজ্জামান রুমেল ও সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজিব বক্তব্য প্রদান করেন। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে তমালতলা মোড়ে গিয়ে শেষ হয়।
১০৭ বার পড়া হয়েছে