‘৮ দফা না মানলে ১ দফায় সরকার পতনের আন্দোলন’: সিরাজগঞ্জে জামায়াত আমীর শফিকুর রহমান
শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ ৯:০১ অপরাহ্ন
শেয়ার করুন:
৮ দফা দাবি আদায় না হলে সরকার পতনের এক দফা আন্দোলনে ঢাকার রাজপথে নামার প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। শনিবার সিরাজগঞ্জের হাটকুমরুল গোলচত্বর এলাকায় লংমার্চের এক পথসভায় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে তিনি এ হুঁশিয়ারি দেন। দাবি আদায়ে রাজপথে চলমান আন্দোলন আরও বেগবান করার সংকল্প ব্যক্ত করেন তিনি।
রংপুরে লংমার্চে যাওয়ার পথে ঢাকা-বগুড়া মহাসড়কের হাটকুমরুল ইন্টারচেন মোড়ে আয়োজিত এক বিশাল সমাবেশে বক্তব্য রাখেন জামায়াত আমীর। তিনি বলেন, দেশের মানুষ এক দফার আন্দোলনের জন্য প্রস্তুত। যদি বর্তমান সরকার নির্ধারিত ৮ দফা দাবি মেনে নেয়, তবে ভালো। অন্যথায় তাদের বিদায় জানাতে রাজধানীমুখী কঠোর কর্মসূচি দেওয়া হবে।
সমাবেশে অন্যান্য কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, নায়েবে আমীর এটিএম আজহার আলী, রফিকুল ইসলাম খান এবং খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক। এছাড়াও ১১ দলের কেন্দ্রীয় শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এই সমাবেশে সংহতি প্রকাশ করে বক্তব্য প্রদান করেন।
বক্তারা বর্তমান সরকারের সমালোচনা করে বলেন, নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতিগুলো এখনও বাস্তবায়ন করা হয়নি। বিশেষ করে গণভোটের আকাঙ্ক্ষিত রায় বাস্তবায়নে কালক্ষেপণ করা হচ্ছে। তাঁরা স্পষ্টভাবে জানিয়ে দেন, সরকারকে কেবল সংকটে ফেলা এই লংমার্চের উদ্দেশ্য নয়, বরং জনগণের অধিকার প্রতিষ্ঠা করাই মূল লক্ষ্য। দাবি আদায় না হলে আগামীতে আরও তীব্র আন্দোলনের হুঁশিয়ারি দেন দলটির নেতারা।
১১২ বার পড়া হয়েছে