সর্বশেষ

সারাদেশ

মোংলায় ইউপি নির্বাচনে 'লোভহীন' যোগ্য প্রার্থী চান তৃণমূল কর্মীরা

রেজা মাসুদ, মংলা
রেজা মাসুদ, মংলা

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ ২:৫৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে মোংলার মিঠাখালীতে তৃণমূল নেতাকর্মীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা এলাকায় চাঁদাবাজি ও দখলদারিত্বের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে আগামী নির্বাচনে কোনো লোভী বা বিতর্কিত ব্যক্তিকে প্রার্থী না করার আহ্বান জানান। একই সঙ্গে তৃণমূলের মতামতের ভিত্তিতে সৎ ও যোগ্য প্রার্থী মনোনয়নের দাবি তোলা হয়।

১৮ সেপ্টেম্বর বিকেলে উপজেলার মিঠাখালী ইউনিয়নের আগর বাজার মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। সাবেক ইউপি চেয়ারম্যান মোল্লা মোঃ শাহজাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব মো: শহিদুল ইসলাম। সভায় তৃণমূলের নেতারা দলের বর্তমান স্থানীয় কমিটির কর্মকাণ্ড নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন।

ক্ষুব্ধ বক্তারা অভিযোগ করেন, দলের দুর্দিনে যারা জেল-জুলুম ও নির্যাতন সহ্য করে সংগঠন টিকিয়ে রেখেছেন, বর্তমান কমিটির শীর্ষ নেতারা তাদের মূল্যায়ন করছেন না। সাংগঠনিক কার্যক্রম জোরদার করার চেয়ে নিজেদের আখের গোছাতে তারা বেশি ব্যস্ত রয়েছেন বলে সভায় মন্তব্য করা হয়।

সভায় স্থানীয় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে নেতারা বলেন, মিঠাখালী এলাকায় বর্তমানে চিংড়ি ঘের লুট, জমি দখল, চাঁদাবাজি এবং সন্ত্রাসী কর্মকাণ্ড আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। তৃণমূলের সাধারণ মানুষ ও দলের ত্যাগী নেতা-কর্মীরা কখনোই এই ধরনের অরাজক পরিস্থিতি প্রত্যাশা করেননি।

আগামী ইউপি নির্বাচন প্রসঙ্গে তৃণমূল নেতারা স্পষ্ট বার্তা দিয়ে বলেন, আসন্ন নির্বাচনে কোনো বিতর্কিত কিংবা সুবিধাভোগী ব্যক্তিকে মনোনয়ন দেওয়া যাবে না। যিনি জনগণের সুখ-দুঃখের অংশীদার হবেন এবং সৎ ও নিঃলোভ হিসেবে পরিচিত, তাকেই ইউনিয়নের অভিভাবক হিসেবে নির্বাচিত করার দাবি জানান তারা।

সভায় প্রধান অতিথির বক্তব্যে মো: শহিদুল ইসলাম তৃণমূলের ক্ষোভ ও দাবিকে যৌক্তিক বলে সমর্থন জানান। তিনি হুশিয়ারি দিয়ে বলেন, এলাকায় ঘের লুটপাট বা চাঁদাবাজি কোনোভাবেই বরদাশত করা হবে না। তৃণমূলের প্রত্যাশা অনুযায়ী আগামীতে একজন সৎ ও যোগ্য ব্যক্তিকেই নির্বাচনের জন্য মনোনয়ন দেওয়া হবে।

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোল্লা গোলাম রসুল, যুগ্ম সাধারণ সম্পাদক আল মামুন, লাভলু গোলদার, এম রিজাউল ইসলাম, সাবেক ছাত্রনেতা রনি মোল্লা, যুবনেতা অনিক মোল্লা সহ স্থানীয় অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

৫৩১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০