খুলনায় বি কোম্পানির সহযোগী শীর্ষ সন্ত্রাসী ডালিমসহ গ্রেপ্তার ৩
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬ ৫:২০ অপরাহ্ন
শেয়ার করুন:
খুলনার লবণচরা এলাকায় অভিযান চালিয়ে কুখ্যাত সন্ত্রাসী ‘বি কোম্পানি’র সহযোগী ডালিম খান ও তার দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে এসআরবি-৬। গ্রেপ্তারকৃত আসামিদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও তাজা গুলি উদ্ধার করা হয়েছে। শীর্ষ সন্ত্রাসী ডালিমের বিরুদ্ধে হত্যা ও ধর্ষণচেষ্টাসহ অন্তত সাতটি মামলা রয়েছে।
বৃহস্পতিবার রাতে লবণচরা থানার আমতলা এলাকায় অভিযান চালিয়ে এই তিন সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—ভাজাওয়ালার এলাকার নওয়াব আলী খানের ছেলে মো. ডালিম খান (৪০) এবং লবণচরা সোনার বাংলা গলির আনিসের ছেলে রানা ও নোমান ওরফে নয়ন (২৮)।
অভিযান পরিচালনাকারী দল এসআরবি-৬ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আমতলা দ্বিতীয় গলিতে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও তিন রাউন্ড সীসার গুলি উদ্ধার করা হয়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্য অনুযায়ী, কুখ্যাত সন্ত্রাসী ডালিম খানের বিরুদ্ধে লবণচরা থানায় হত্যা, ধর্ষণচেষ্টাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অন্তত ৭টি মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য ইতোমধ্যে লবণচরা থানায় হস্তান্তর করা হয়েছে।
১০৮ বার পড়া হয়েছে