কুষ্টিয়ায় বিএনপি কার্যালয়ে হামলা, আ.লীগ নেতার বাড়ি ও গোডাউনে আগুন
বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬ ৪:২৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
কুষ্টিয়ার ইবি থানাধীন পাটিকাবাড়ি ইউনিয়নে আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে বিএনপির কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। জামিনে মুক্ত হয়ে আওয়ামী লীগ নেতার নেতৃত্বে এই হামলা চালানো হয় বলে দাবি স্থানীয় বিএনপি নেতাকর্মীদের। এর জবাবে উত্তেজিত বিএনপি সমর্থকেরা ওই আওয়ামী লীগ নেতার বাড়ি ও পাটের গুদামে আগুন ধরিয়ে দেয়।
কুষ্টিয়া সদর উপজেলার ইবি থানাধীন পাটিকাবাড়ি ইউনিয়নের নলকোলা গ্রামে মঙ্গলবার রাতে এই সহিংসতার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, নলকোলা ১ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ে স্থানীয় নেতাকর্মীরা বসে কথা বলছিলেন। এ সময় পাটিকাবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ রুহুলের নেতৃত্বে অর্ধশতাধিক লোক 'জয় বাংলা' স্লোগান দিয়ে কার্যালয়টিতে হামলা চালায়। হামলায় অন্তত ৫-৬ জন বিএনপি কর্মী আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে আওয়ামী লীগ নেতা রুহুলসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়েছিল। ওই মামলায় আদালত থেকে জামিন পেয়ে এলাকায় ফিরে মিষ্টি বিতরণ করেন আওয়ামী লীগের সমর্থকেরা। এর পরপরই এই হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ স্থানীয় বিএনপি নেতাকর্মীদের।
কার্যালয় ভাঙচুরের খবর ছড়িয়ে পড়লে উত্তেজনার সৃষ্টি হয়। ক্ষুব্ধ বিএনপি সমর্থকেরা জড়ো হয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি রুহুলের বাড়ি ভাঙচুর করে এবং তার একটি পাটের গোডাউনে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ ফয়সাল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই ইবি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সহিংসতার ঘটনায় জড়িতদের চিহ্নিত করে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে এলাকায় পুলিশি টহল জোরদার রয়েছে।
১৭৭ বার পড়া হয়েছে