খুলনায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ২ জন আটক
শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬ ১:১৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
খুলনা মহানগরীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে দুই নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে নগরীর শিববাড়ি মোড় থেকে শুরু হওয়া এই মিছিলটি ছত্রভঙ্গ করতে ধাওয়া দেয় পুলিশ প্রশাসন। নিষিদ্ধ ঘোষিত দলটির হঠাৎ এই কর্মসূচিকে কেন্দ্র করে স্থানীয় এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে শিববাড়ি মোড় এলাকা থেকে হঠাৎ করেই নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের ৩০ থেকে ৩৫ জন নেতাকর্মী একত্রিত হয়ে একটি আকস্মিক মিছিল বের করেন। মিছিলটি শেরেবাংলা রোড হয়ে তেঁতুল তলার মোড়ের দিকে অগ্রসর হতে থাকে।
পুলিশি তৎপরতা দেখে মিছিলকারীরা দিগবিদিক জ্ঞান হারিয়ে পালাতে শুরু করলে পুলিশ ধাওয়া দিয়ে দুইজনকে আটক করতে সক্ষম হয়। বাকিরা ঘটনাস্থল ছেড়ে দ্রুত পালিয়ে যায়।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঝটিকা মিছিল থেকে আটককৃত দুই ব্যক্তিকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যাচাই-বাছাই শেষে তাঁদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।
১২৩ বার পড়া হয়েছে