চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুর ভয়াবহ রূপ, আগস্টে রেকর্ড ৬৪৩ জন আক্রান্ত
বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬ ২:৩৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতি দিন দিন আশঙ্কাজনক হয়ে উঠছে। সদ্যসমাপ্ত আগস্ট মাসে রাজশাহী বিভাগের আট জেলার মধ্যে সর্বোচ্চ ৬৪৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন এই সীমান্ত জেলাটিতে। ২৪ ঘণ্টায় আরও ৪৬ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হওয়ায় স্থানীয়দের মনে চরম উদ্বেগ সৃষ্টি হয়েছে।
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে শেষ ২৪ ঘণ্টায় নতুন করে ৪৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে ২২ জন পুরুষ, ২০ জন নারী এবং ৪ জন শিশু রয়েছেন। বর্তমানে হাসপাতালটিতে মোট ৭১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন।
হাসপাতালের বহির্বিভাগেও উদ্বেগজনক হারে বাড়ছে রোগীর সংখ্যা। একদিনেই বহির্বিভাগে চিকিৎসাধীন আরও ৪৪ জনের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছে। জেলায় ডেঙ্গুর প্রকোপ গত দেড় মাস ধরে তীব্র রূপ ধারণ করেছে। এরই মধ্যে শেষ ১২ ঘণ্টার ব্যবধানে শিশুসহ দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে, যা জনমনে আতঙ্ক আরও বাড়িয়ে দিয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দিন জানান, স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। ডেঙ্গু প্রতিরোধে লার্ভা ধ্বংস, বাড়ির চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং মশার প্রজননস্থল ধ্বংস করতে সচেতনতামূলক কার্যক্রম জোরদার করা হয়েছে।
১০৫ বার পড়া হয়েছে