গোপালগঞ্জে ‘নিশান’ প্রতিস্থাপন নিয়ে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদ
সোমবার, ৩১ আগস্ট, ২০২৬ ৯:৪৫ অপরাহ্ন
শেয়ার করুন:
গোপালগঞ্জের ওড়াকান্দিতে শ্রী শ্রী গুরুচাঁদ-সত্যভামা মন্দিরের চূড়ায় মতুয়াদের ধর্মীয় জয় পতাকা ‘নিশান’ প্রতিস্থাপন কর্মসূচি নিয়ে ফেসবুকে কুৎসা ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। সোমবার এক সংবাদ সম্মেলনে সনাতন ধর্মাবলম্বীদের এই ঐতিহ্যবাহী মতুয়া নিশান প্রতিস্থাপন কর্মসূচিকে ঘিরে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করে শাস্তির দাবি জানান সম্প্রদায়ের নেতারা।
গোপালগঞ্জ শহরের সাহাপাড়ায় মতুয়া নিশান প্রতিস্থাপন কর্মসূচি বাস্তবায়ন কমিটির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই প্রতিবাদ জানানো হয়। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুরের উত্তরসূরী মতুযাচার্য্য শ্রী সম্পদ ঠাকুর। তিনি জানান, ওড়াকান্দির ঐতিহ্যবাহী মন্দিরে ধর্মীয় পতাকা স্থাপনের একটি ন্যায়সঙ্গত কর্মসূচিকে ব্যাহত করতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি মহল পরিকল্পিতভাবে বিভ্রান্তি ছড়াচ্ছে।
বক্তব্যে অভিযোগ করা হয়, ফেসবুকে বিভিন্ন ভুয়া আইডি এবং পেজ ব্যবহার করে ঠাকুর বাড়ির ঐতিহ্য ও ধর্মীয় ভাবাবেগ ক্ষুণ্ণ করার চেষ্টা চলছে। এমনকি মন্দিরের ভাবমূর্তি নষ্ট করতে ছবি বিকৃত করে ফেসবুকে ছড়িয়ে দেওয়া হচ্ছে এবং উৎসর্গীকৃত মতুয়া ভক্তদের নানাভাবে হেনস্তা করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে ‘বাংলাদেশ মতুয়া মহা সংঘ’, ‘প্রজাপকি বর্তা পূর্ণব্রহ্ম শ্রী হরিচাঁদ ঠাকুর’, ‘পাগল অপূর্ব রায়’, ‘দিপঙ্কর বালা’ ও ‘মতুয়া ডাঙ্কা’সহ কয়েকটি ফেসবুক পেজ ও আইডিকে এই অপপ্রচারের জন্য চিহ্নিত করা হয়। এসব বিভ্রান্তিকর আইডি এবং পেজের নেপথ্যে থাকা ব্যক্তিদের খুঁজে বের করে আইনি ব্যবস্থা নিতে পুলিশ প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
বাস্তবায়ন কমিটির মুখপাত্র মতুয়া বিদুর বিশ্বাস বলেন, ঠাকুর বাড়ির সম্মানহানি এবং বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা মতুয়া ভক্তদের অনুভূতিতে আঘাত করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা অবিলম্বে এই অপপ্রচারের তদন্ত এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বিপুল চন্দ্র মৌলিক, হিরন্ময় মজুমদার ও দ্বীপ ঠাকুরসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
১২২ বার পড়া হয়েছে