কুষ্টিয়ায় পদ্মায় ফুটবল খেলতে গিয়ে মাদ্রাসাছাত্র নিখোঁজ, উদ্ধার ১
শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬ ১০:১৭ অপরাহ্ন
শেয়ার করুন:
কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীতে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতে গিয়ে মোস্তাকিম (১২) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। এ ঘটনায় ইব্রাহিম নামে অপর এক শিশুকে জীবিত উদ্ধার করেছেন স্থানীয়রা। নিখোঁজ শিশুকে উদ্ধারে ফায়ার সার্ভিস ও পুলিশ যৌথ অভিযান চালাচ্ছে।
উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ভাগজোত ঘাটে শুক্রবার দুপুরে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিখোঁজ মোস্তাকিম সোনাতলা গ্রামের রতন জমাদারের ছেলে এবং উদ্ধার হওয়া ইব্রাহিম একই এলাকার জিয়ারুল শাহের ছেলে। তারা দুজনেই স্থানীয় সোনাতলা দারুস সুন্নাহ ইসলামিয়া মাদ্রাসার ছাত্র বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে মাদ্রাসাটির কয়েকজন শিক্ষার্থী মিলে ভাগজোত ঘাটের পাশে পদ্মা নদীতে ফুটবল খেলছিল। খেলাধুলার একপর্যায়ে নদীর তীব্র স্রোতের মুখে পড়ে মোস্তাকিম ও ইব্রাহিম গভীর পানির দিকে ভেসে যেতে থাকে। তাদের ডুবে যেতে দেখে স্থানীয় বাসিন্দারা তাৎক্ষণিকভাবে ইব্রাহিমকে জীবিত উদ্ধার করতে সক্ষম হলেও মোস্তাকিম স্রোতের তোড়ে তলিয়ে যায়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দৌলতপুর থানা পুলিশ ও ভেড়ামারা ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল। নদীতে নতুন পানি আসায় এবং তীব্র স্রোত থাকায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। ফায়ার সার্ভিস জানিয়েছে, নিখোঁজ শিশুটির সন্ধানে সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হচ্ছে এবং খুলনা থেকে একটি বিশেষ ডুবুরি দলকে তলব করা হয়েছে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ সদস্যরা উদ্ধার অভিযানে স্থানীয়দের সঙ্গে কাজ করছেন। অন্যদিকে ভেড়ামারা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ শফিকুল ইসলাম বলেন, প্রবল স্রোতের কারণে শিশুটি দূরে ভেসে যাওয়ার আশঙ্কা রয়েছে। ডুবুরি দল পৌঁছালে উদ্ধার অভিযান আরও জোরদার করা হবে।
১২০ বার পড়া হয়েছে