ফরিদপুরে আ.লীগ নেতার সমর্থকদের হামলায় বিএনপি নেতার দাঁত ভাঙল
রবিবার, ২৩ আগস্ট, ২০২৬ ৪:৫৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ফরিদপুরের সালথায় আওয়ামী লীগ নেতার সমর্থকদের হামলায় মাঝারদিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলম মাতুব্বর গুরুতর আহত হয়েছেন। হামলায় তাঁর একটি দাঁত পড়ে গেছে এবং এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর পুলিশ একজনকে গ্রেফতার করেছে।
শুক্রবার বিকেলে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মাঝারদিয়া বাজারে একটি মুদি দোকানের সামনে পাকা সড়কের ওপর এ হামলার ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের গাড়ি ভাঙচুরের মামলায় মাঝারদিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফরিদ মোল্যাকে পুলিশ গ্রেফতার করে। এই গ্রেফতারের পেছনে বিএনপি নেতা শাহ আলম মাতুব্বরের হাত রয়েছে বলে দাবি করে ফরিদ মোল্যার অনুসারীরা তাঁর ওপর ক্ষিপ্ত ছিল।
can
ঘটনার দিন বিকেলে শাহ আলম বাজারে এলে পূর্বপরিকল্পিতভাবে তাঁর ওপর হামলা চালায় আওয়ামী লীগ নেতার সমর্থকেরা। হামলায় তাঁকে বেধড়ক মারধর করা হয়, যার ফলে তাঁর একটি দাঁত ভেঙে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে চিকিৎসা দেওয়া হয়েছে।
এই হামলার ঘটনায় শাহ আলমের ভাই সজিব হোসেন বাদী হয়ে সালথা থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় মিরাজ মোল্যা, ইমরান মোল্যা, জিয়া মাতুব্বরসহ ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ৪ থেকে ৫ জনকে আসামি করা হয়েছে। পুলিশ ইতিমধ্যেই মামলার এজাহারভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে।
এজাহার সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিনের বিরোধ ছিল। সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান জানান, হামলার ঘটনায় দ্রুত পদক্ষেপ নিয়ে পুলিশ একজনকে গ্রেফতার করেছে এবং বাকি আসামিদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।
১৩৫ বার পড়া হয়েছে