সাতক্ষীরায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬ ২:১৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা পুলিশ লাইন্সের ড্রিলসেডে অত্যন্ত সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলমের সভাপতিত্বে আয়োজিত এই সভায় জেলা পুলিশের উন্নয়নমূলক সিদ্ধান্ত গ্রহণের পাশাপাশি কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতি দেওয়া হয়।
সভায় জেলা পুলিশের সার্বিক কর্মপরিবেশ উন্নত করতে এবং সদস্যদের পেশাগত দক্ষতা বাড়াতে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়। পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম বাহিনীর শৃঙ্খলা রক্ষা এবং সাধারণ জনগণের সাথে মানবিক ও সৌজন্যপূর্ণ আচরণ বজায় রাখার ওপর বিশেষ জোর দেন।
অনুষ্ঠানের শুরুতে সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) শাওন রেজা পূর্ববর্তী সভার সিদ্ধান্ত বাস্তবায়ন ও অগ্রগতি প্রতিবেদন তুলে ধরেন। এরপর পুলিশ সদস্যদের বিভিন্ন সুযোগ-সুবিধা ও দাবি-দাওয়া মনোযোগ সহকারে শোনেন পুলিশ সুপার। সভায় অধিকাংশ সমস্যার তাৎক্ষণিক সমাধান দেওয়া হয় এবং বাকিগুলো দ্রুত নিষ্পত্তির আশ্বাস প্রদান করা হয়।
পুলিশ সুপার তাঁর বক্তব্যে পুলিশ মেসের খাবারের মান উন্নত করা, ড্রেস রুলস অনুযায়ী পোশাক পরিধান করা, সময়মতো ছুটি ও টিএ বিল প্রদানের স্বচ্ছতা নিশ্চিত করার তাগিদ দেন। একই সাথে সদস্যদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, ব্যক্তিগত ও আবাসের পরিচ্ছন্নতা এবং সরকারি বিদ্যুৎ সাশ্রয়ী ব্যবহারের পরামর্শ দেন তিনি।
কর্মক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের মাঝে এদিন নগদ অর্থ ও সম্মাননা ক্রেস্ট বিতরণ করা হয়। এর ফলে জেলা পুলিশ সদস্যদের কাজের প্রতি আগ্রহ ও উদ্দীপনা আরও বৃদ্ধি পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
উক্ত কল্যাণ সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ আমিনুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শাহীনুর চৌধুরী, সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) মোঃ বায়েজীদ ইসলাম, পুলিশ হাসপাতালের চিকিৎসক ডাঃ আবু হোসেনসহ জেলার সকল থানার অফিসার ইনচার্জ (ওসি) ও জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
১২১ বার পড়া হয়েছে