নাটোরে দুই বাসের সঙ্গে ভুটভুটির ত্রিমুখী সংঘর্ষ, দুই ভাইসহ নিহত ৪
শনিবার, ৮ আগস্ট, ২০২৬ ৮:০৪ অপরাহ্ন
শেয়ার করুন:
নাটোরের বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে বাস ও গরুবাহী ভুটভুটির ভয়াবহ ত্রিমুখী সংঘর্ষে দুই সহোদর ভাইসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও অন্তত ১১ জন, যাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। শনিবার সকালে গুরুদাসপুর উপজেলার নয়াবাজার এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে নাটোরের গুরুদাসপুরের নয়াবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ঢাকা থেকে রাজশাহীগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে চান্দাইকোনা গরুর হাটে যাওয়ার পথে একটি গরুবাহী ভুটভুটির মুখোমুখি সংঘর্ষ হয়। ঠিক সেই মুহূর্তেই পেছন থেকে আসা আরেকটি দ্রুতগামী বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাকবলিত গাড়িগুলোকে ধাক্কা দিলে এই ভয়াবহ ত্রিমুখী সংঘর্ষের সৃষ্টি হয়।
ভয়াবহ এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই এক গরু ব্যবসায়ী প্রাণ হারান। পরে স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে দ্রুত বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজনের মৃত্যু হয়।
নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন বড়াইগ্রাম উপজেলার লক্ষীকোল এলাকার বাসিন্দা দুই সহোদর ভাই আক্কাছ আলী ও জাহাঙ্গীর আলম এবং একই এলাকার অপর গরু ব্যবসায়ী আব্দুর রহমান। পুলিশ নিহত ও আহত বাকিদের পরিচয় শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, দুর্ঘটনাকবলিত বাস ও ভুটভুটি উদ্ধার করে সড়ক যোগাযোগ স্বাভাবিক করা হয়েছে। এই বিষয়ে থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
১৩৫ বার পড়া হয়েছে