গোপালগঞ্জে ঘুমন্ত অন্তঃসত্ত্বার ওপর ট্রাক উল্টে মর্মান্তিক মৃত্যু
বুধবার, ৫ আগস্ট, ২০২৬ ৮:০৯ অপরাহ্ন
শেয়ার করুন:
গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি আটাবোঝাই ট্রাক বসতঘরের ওপর উল্টে পড়ে সুরাইয়া বেগম (২৬) নামের এক অন্তঃসত্ত্বা নারী নিহত হয়েছেন। বুধবার সকালে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়কের মালেঙ্গা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ঘাতক ট্রাকের চালক পলাতক রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত সুরাইয়া বেগম গোপালগঞ্জ সদর উপজেলার নিজড়া গ্রামের মিনাপাড়ার শামীম খান ওরফে তামিমের স্ত্রী। তিনি দুর্ঘটনাকবলিত ওই বাড়িটিতে ভাড়া থাকতেন। স্থানীয় বাসিন্দাদের তথ্য অনুযায়ী, সুরাইয়া পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, টেকেরহাট থেকে ছেড়ে আসা গোপালগঞ্জগামী একটি আটাভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা টিনশেড ঘরের ওপর উল্টে যায়। সে সময় ঘরে ঘুমিয়ে থাকা সুরাইয়া ট্রাক ও ভারী আটার বস্তার নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল। তারা দীর্ঘ চেষ্টার পর ট্রাক ও বস্তার নিচ থেকে নিহতের মরদেহ উদ্ধার করে। পরে পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। এই ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
১৩০ বার পড়া হয়েছে