রাজশাহী রেঞ্জে ডিআইজি আশিক সাঈদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি
বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬ ৯:১৩ অপরাহ্ন
শেয়ার করুন:
দেশব্যাপী সবুজায়ন বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় রাজশাহী রেঞ্জ পুলিশের উদ্যোগে একটি বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মো. আশিক সাঈদ এই কর্মসূচির উদ্বোধন করেন। পরিবেশের ভারসাম্য রক্ষায় পুলিশের এই সময়োপযোগী উদ্যোগ সুধীমহলে প্রশংসিত হয়েছে।
রেঞ্জ ডিআইজির সরকারি বাসভবন ও কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই কর্মসূচিতে ডিআইজি মো. আশিক সাঈদ এবং তাঁর সহধর্মিণী ও পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) উপদেষ্টা শামীম আরা হক যৌথভাবে ফলজ ও বনজ গাছের চারা রোপণ করেন। এ সময় পরিবেশ সুরক্ষায় গাছের গুরুত্ব তুলে ধরেন আমন্ত্রিত অতিথিরা।
বৃক্ষরোপণকালে ডিআইজি মো. আশিক সাঈদ বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে ব্যাপক হারে গাছ লাগানোর কোনো বিকল্প নেই। তিনি সমাজের সর্বস্তরের মানুষকে নিজ নিজ অবস্থান থেকে অন্তত একটি করে গাছ লাগানোর এবং তা রক্ষণাবেক্ষণের আহ্বান জানান।
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় সরকারের পক্ষ থেকে আগামী পাঁচ বছরে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, তারই অংশ হিসেবে এই কর্মসূচি বাস্তবায়ন করেছে পুলিশ প্রশাসন।
এই মহতি আয়োজনে আরও উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট), রাজশাহী জেলার পুলিশ সুপার, পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজমেন্ট) সহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
১২৫ বার পড়া হয়েছে