খুলনায় বিদেশি রিভলবারসহ টাইগার গ্রুপের সক্রিয় সদস্য গ্রেপ্তার
রবিবার, ২৬ জুলাই, ২০২৬ ১০:৪৭ অপরাহ্ন
শেয়ার করুন:
খুলনার হরিণটানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১৬ মামলার আসামি ও কুখ্যাত ‘টাইগার গ্রুপ’-এর সক্রিয় সদস্য মো. রবিউল ইসলামকে গ্রেপ্তার করেছে র্যাব-৬। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি রিভলবার উদ্ধার করা হয়।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৬-এর সিপিসি স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কেএমপির হরিণটানা থানাধীন রায়ের মহল এলাকায় এ অভিযান পরিচালনা করে। গ্রেপ্তারকৃত মো. রবিউল ইসলাম (৩৬) ওই এলাকারই বাসিন্দা এবং শেখ লাল মিয়ার ছেলে।
অভিযানিক দল জানায়, দুপুরের দিকে পরিচালিত এই বিশেষ অভিযানে রবিউলের অবস্থান নিশ্চিত করে তাকে আটক করা হয়। পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদ ও তার বসতঘরে তল্লাশি চালানো হলে তার হেফাজত থেকে একটি উন্নত মানের বিদেশি রিভলবার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রটি স্থানীয় প্রত্যক্ষদর্শীদের উপস্থিতিতে নিয়ম মেনে জব্দ করে র্যাব।
র্যাবের প্রাথমিক অনুসন্ধান ও পুলিশ রেকর্ড (পিসি-পিআর) যাচাই করে জানা গেছে, রবিউলের বিরুদ্ধে খুলনা মহানগরীর বিভিন্ন থানায় হত্যাচেষ্টা, মাদক ব্যবসা, চুরি ও অস্ত্র আইনসহ অন্তত ১৬টি মামলা বিচারাধীন রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী ও চাঁদাবাজির চক্র পরিচালনা করে আসছিলেন বলে জানিয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
র্যাব-৬-এর পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে নতুন করে আরও একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আইনি প্রক্রিয়া শেষ করে উদ্ধারকৃত বিদেশি রিভলবারসহ রবিউলকে হরিণটানা থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
১২৮ বার পড়া হয়েছে