কুষ্টিয়ায় গণঅধিকার পরিষদের ‘জুলাই স্মৃতি’ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
শনিবার, ১৮ জুলাই, ২০২৬ ১২:৩৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
কুষ্টিয়ায় ছাত্র-জনতার ঐতিহাসিক অভ্যুত্থানের স্মৃতি ধরে রাখতে ‘জুলাই স্মৃতি’ প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করেছে গণঅধিকার পরিষদ। শহরের পিটিআই খেলার মাঠে স্থানীয় যুবসমাজ ও রাজনৈতিক নেতৃবৃন্দের অংশগ্রহণে জমকালো এই ম্যাচটি অনুষ্ঠিত হয়।
কুষ্টিয়া জেলা গণঅধিকার পরিষদের উদ্যোগে আয়োজিত এই ফুটবল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল খালেক। এছাড়া বিশেষ অতিথি হিসেবে কুষ্টিয়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ তৌকির আহমেদ এবং ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের সিনিয়র সহ-সভাপতি মোঃ রাইসুল হক উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহিত করেন।
ছাত্র অধিকার পরিষদের কুষ্টিয়া সরকারি কলেজ শাখার সভাপতি মোঃ সোহান হোসেন তুফানের সভাপতিত্বে অনুষ্ঠানে যুব অধিকার পরিষদের সভাপতি মোঃ জিলহজ খান, শ্রমিক অধিকারের সাধারণ সম্পাদক মোঃ মিলন মালিথা এবং গণসংস্কৃতি পরিষদের খুলনা বিভাগীয় প্রধান সমন্বয়ক ডাঃ এসএম সবুজসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উত্তেজনাকর খেলা শেষে বিজয়ী দল ও ম্যাচ সেরার হাতে আকর্ষণীয় ট্রফি ও মেডেল তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। এ সময় বক্তারা বলেন, জুলাই বিপ্লবের চেতনা ও বীরত্বগাথা তরুণ প্রজন্মের মাঝে বাঁচিয়ে রাখতেই এই আয়োজন। ক্রীড়াচর্চার মাধ্যমে এই ঐতিহাসিক স্মৃতিকে আজীবন মানুষের হৃদয়ে জাগিয়ে রাখার অঙ্গীকার ব্যক্ত করেন তারা।
১৭৩ বার পড়া হয়েছে