খুলনায় স্কুলছাত্রী নির্জনা হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন, ঘাতক নিজের বাবাই!
শনিবার, ১১ জুলাই, ২০২৬ ৯:১৩ অপরাহ্ন
শেয়ার করুন:
খুলনায় বস্তাবন্দী অবস্থায় উদ্ধার হওয়া স্কুলছাত্রী আরফানা হোসেন নির্জনা হত্যাকাণ্ডের রোমহর্ষক রহস্য উন্মোচন করেছে পুলিশ। প্রাথমিকভাবে স্বামীর ওপর দোষ চাপানো হলেও তদন্তে বেরিয়ে এসেছে, অবাধ্য হওয়ার ক্ষোভে নেশাগ্রস্ত নিজের বাবাই তাকে পিটিয়ে হত্যা করেছেন। এই নৃশংস ঘটনাটি খুলনা মহানগরীতে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানা এলাকার দশম শ্রেণীর এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধারের পর থেকেই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছিল। নিরালা প্রান্তিকা আবাসিক এলাকায় একটি ভবনের সামনে প্লাস্টিকের বস্তাবন্দী অবস্থায় পড়ে থাকা ওই কিশোরীর পরিচয় নিশ্চিত হওয়ার পর ঘটনাটি ভিন্ন মোড় নেয়। নিহত শিক্ষার্থী আরফানা হোসেন নির্জনা স্থানীয় সরকারি ইকবালনগর মাধ্যমিক বিদ্যালয়ে পড়াশোনা করত।
তদন্তকারী দল দ্রুত পদক্ষেপ নিয়ে তথ্যপ্রমাণ সংগ্রহ শুরু করে। গতকাল খুলনার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন নির্জনার মা সীমা আক্তার। তার জবানবন্দির বরাত দিয়ে পুলিশ জানায়, অল্প বয়সে বিয়ে এবং পারিবারিক অবাধ্যতার কারণে দীর্ঘদিনের ক্ষোভের বশে বাবা আলিম হোসেন আকাশ এই নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছেন। ঘটনার দিন সন্ধ্যায় তাদের বসুপাড়ার বাসায় তীব্র বাকবিতণ্ডা হয় এবং একপর্যায়ে নির্জনার মাথায় আঘাত করেন আকাশ। আঘাতের তীব্রতায় মেঝেতে লুটিয়ে পড়ে সঙ্গে সঙ্গেই মারা যায় নির্জনা।
ঘাতক বাবা আলিম হোসেন আকাশ ঘটনা আড়াল করার লক্ষ্যে স্ত্রীর সহায়তায় মরদেহটি প্লাস্টিকের বস্তায় ভরে নিরালা এলাকায় ফেলে আসেন। পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান জানান, প্রযুক্তিগত বিশ্লেষণ ও সিসিটিভি ফুটেজ পর্যালোচনার মাধ্যমে অপরাধীদের শনাক্ত করা হয়েছে। বর্তমানে প্রধান অভিযুক্ত আলিম হোসেন আকাশকে পুলিশি হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনার সঙ্গে জড়িত সবার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
১২৪ বার পড়া হয়েছে