সাতক্ষীরায় কাভার্ড ভ্যানে মিলল ১৯ লাখ টাকার ভারতীয় মাদক, গ্রেপ্তার ১
রবিবার, ৫ জুলাই, ২০২৬ ৬:৪১ অপরাহ্ন
শেয়ার করুন:
সাতক্ষীরার শ্যামনগরে দুটি কাভার্ড ভ্যান থেকে বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ ভারতীয় মাদক ও ওষুধ জব্দ করেছে র্যাব। এই অভিযানে প্রায় ১৯ লাখ টাকার মালামাল উদ্ধারের পাশাপাশি মো. আব্দুল মজিদ শেখ নামের এক মাদক চোরাকারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬-এর সাতক্ষীরা ক্যাম্পের সদস্যরা উপজেলার মথুরাপুর এলাকায় অভিযানটি পরিচালনা করেন।
র্যাব সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দিন মোহাম্মদ জিয়াদ রবিবার সকালে মাদক ও মালামাল জব্দের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, ভারত থেকে সীমান্ত পেরিয়ে মাদকের একটি বড় চালান শ্যামনগরের মথুরাপুর এলাকা দিয়ে ঢাকায় পাচার করা হচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে অভিযানটি চালানো হয়।
অভিযানকালে সন্দেহভাজন দুটি ব্যাটারিচালিত ছোট কাভার্ড ভ্যান থামিয়ে তল্লাশি চালায় র্যাব। তল্লাশিতে গাড়ি দুটি থেকে ১ হাজার ৮৮৩ বোতল কোডিনযুক্ত ভারতীয় মাদক সিরাপ (উইনকেরেক্স, এসকাফ ও ফেয়ারডিল), ১ হাজার ৫০০ পাতা ভারতীয় এল-হিস্ট মন্ট (L-HIST Mont) ওষুধ, ৬০ পাতা আলফা-কিটোজক্স (Alpha-Ketozox) ওষুধ এবং ৩২০ ব্যাগ ভারতীয় বাপ্পা বিড়ি উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত এসব মাদক ও চোরাই পণ্যের বর্তমান বাজারমূল্য প্রায় ১৮ লাখ ৮৩ হাজার টাকা বলে জানিয়েছে র্যাব। অভিযানের সময় হাতেনাতে গ্রেপ্তার হওয়া আব্দুল মজিদ শেখের বাড়ি স্থানীয় এলাকায়। তবে অভিযান চলাকালে তাঁর সহযোগীরা কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।
এই ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় শ্যামনগর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পলাতক অন্যান্য চোরাকারবারিদের আইনের আওতায় আনতে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি।
১১৭ বার পড়া হয়েছে