সাতক্ষীরায় ১ হাজার ৩৫ বোতল ফেনসিডিলসহ মাদক চোরাকারবারি আটক
শুক্রবার, ৩ জুলাই, ২০২৬ ২:৪৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সাতক্ষীরার দেবহাটা উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ এক মাদক চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-৬। আটক ব্যক্তির কাছ থেকে ১ হাজার ৩৫ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার ভোররাতে উপজেলার মাঝ সখিপুর এলাকা থেকে তাকে হাতেনাতে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত মাদক কারবারির নাম মো. কবির হোসেন (৩৮)। তিনি দেবহাটা উপজেলার মাঝ সখিপুর গ্রামের বাসিন্দা এবং স্থানীয় নওসের আলী সরদারের ছেলে। ভারত থেকে অবৈধ পথে মাদকের একটি বড় চালান আনা হয়েছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে এই বিশেষ অভিযানটি চালানো হয়।
র্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্প সূত্রে জানা গেছে, সীমান্ত পেরিয়ে মাদকের চালানটি উপজেলার মাঝ সখিপুর এলাকায় অবস্থান করছে খবর পেয়ে র্যাবের একটি আভিযানিক দল সেখানে অতর্কিত হানা দেয়। এ সময় তল্লাশি চালিয়ে কবির হোসেনকে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ আটক করতে সক্ষম হন তারা।
র্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত মাদক ও আসামিকে পরবর্তী আইনি পদক্ষেপের জন্য দেবহাটা থানায় হস্তান্তর করা হয়েছে। মাদক ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে র্যাবের এই কঠোর অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
১১৯ বার পড়া হয়েছে