ইনানী সৈকতে গোসলে নেমে পর্যটক নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান
শনিবার, ২৭ জুন, ২০২৬ ১১:০৮ অপরাহ্ন
শেয়ার করুন:
কক্সবাজারের ইনানী সমুদ্রসৈকতে গোসল করতে নেমে মোহাম্মদ সায়েম নামে এক পর্যটক নিখোঁজ হয়েছেন। শনিবার (দুপুর সাড়ে ১২টার দিকে) উখিয়ার পালংকি পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় জেলে, বিচকর্মী, ট্যুরিস্ট পুলিশ এবং সংশ্লিষ্ট উদ্ধারকারী সংস্থাগুলো নিখোঁজ ব্যক্তির সন্ধানে অভিযান চালাচ্ছে।
কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানী সমুদ্রসৈকতে গোসলের সময় সাগরের প্রবল স্রোতে ভেসে গিয়ে এক পর্যটক নিখোঁজ হয়েছেন।
নিখোঁজ পর্যটকের নাম মোহাম্মদ সায়েম। তিনি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বাসিন্দা মোহাম্মদ ইকবালের ছেলে।
প্রশাসনের তথ্য অনুযায়ী, শনিবার বেলা সাড়ে ১২টার দিকে ইনানী রয়েল টিউলিপ হোটেলের দক্ষিণ পাশে পালংকি পয়েন্ট এলাকার সৈকতে কয়েকজন পর্যটক গোসল করতে নামেন। এ সময় হঠাৎ একটি বড় ঢেউ আঘাত হানলে সাগরের তীব্র স্রোতে মোহাম্মদ সায়েম ভেসে যান।
পরে তাঁর সঙ্গে থাকা অন্য পর্যটকেরা নিরাপদে তীরে উঠে বিষয়টি বিচকর্মী ও ট্যুরিস্ট পুলিশকে জানান। খবর পেয়ে স্থানীয় জেলে, বিচকর্মী ও ট্যুরিস্ট পুলিশ দ্রুত উদ্ধার অভিযান শুরু করে।
এ ছাড়া উদ্ধার কার্যক্রম জোরদার করতে ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্ট লাইফগার্ড কর্মীদেরও অবহিত করা হয়েছে। সংবাদ লেখা পর্যন্ত নিখোঁজ পর্যটকের সন্ধান পাওয়া যায়নি এবং উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
স্থানীয়দের মতে, ইনানী সমুদ্রসৈকতে নিয়মিত পর্যটকদের সমুদ্রস্নান করতে দেখা গেলেও সেখানে পর্যাপ্ত লাইফগার্ড সেবা না থাকায় প্রায়ই দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়। তাই পর্যটকদের সতর্কতা অবলম্বন এবং নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
১২৪ বার পড়া হয়েছে