সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে বনদস্যু ‘দুলাভাই বাহিনী’র প্রধান গ্রেপ্তার, গুলিতে নিহত ১
শুক্রবার, ২৬ জুন, ২০২৬ ১১:০৬ অপরাহ্ন
শেয়ার করুন:
খুলনার কয়রা উপজেলার সুন্দরবন এলাকায় কোস্টগার্ডের অভিযানে বনদস্যু হিসেবে পরিচিত ‘দুলাভাই বাহিনী’র প্রধান রবিউল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় গোলাগুলির ঘটনায় এক জেলে নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে বনবিভাগের কয়রা টহল ফাঁড়ির আওতাধীন ময়দাফেসা খাল এলাকায় এ ঘটনা ঘটে।
কোস্টগার্ড ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে সুন্দরবনের ময়দাফেসা খাল এলাকায় বনদস্যু হিসেবে পরিচিত ‘দুলাভাই বাহিনী’র সদস্যদের বিরুদ্ধে অভিযান চালানো হয়। এ সময় উভয় পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে।
এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে সাকাত সরদার নামে এক জেলে নিহত হন। তিনি খুলনার কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং ইজহার সরদারের ছেলে। তিনি তেঁতুলতলার চর গুচ্ছগ্রামে বসবাস করতেন।
রাতভর অভিযান শেষে বাহিনীর প্রধান হিসেবে পরিচিত রবিউল ইসলামকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করে কোস্টগার্ড। শুক্রবার সকালে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। হাসপাতাল সূত্র জানায়, সকাল ৯টা ৫৫ মিনিটে তাকে ভর্তি করা হয়। তার হাতসহ শরীরের বিভিন্ন স্থানে গুলির আঘাতের চিহ্ন ছিল। প্রাথমিক চিকিৎসা শেষে কোস্টগার্ড সদস্যরা তাকে আবার নিজেদের হেফাজতে নিয়ে যান।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, রবিউল ইসলাম দীর্ঘদিন ধরে বনদস্যু ‘দুলাভাই বাহিনী’র নেতৃত্ব দিয়ে আসছিলেন। স্থানীয়দের দাবি, একসময় সুন্দরবনে সক্রিয় ‘ইলিয়াস বাহিনী’র প্রধান নিহত হওয়ার পর ২০২৪ সালে ইলিয়াসের বোনের স্বামী রবিউল ইসলাম নতুন একটি দল গঠন করেন। এরপর স্থানীয়ভাবে দলটি ‘দুলাভাই বাহিনী’ নামে পরিচিতি পায়।
কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, সুন্দরবনের ভেতরে গোলাগুলির ঘটনায় একজন নিহত এবং একজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুরো অভিযান কোস্টগার্ডের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে।
কোস্টগার্ডের একটি সূত্র জানিয়েছে, বনদস্যু দমনে অভিযান এখনও চলমান রয়েছে। অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা দায়িত্ব পালন করায় বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
১২৮ বার পড়া হয়েছে