সুন্দরবনে কোস্ট গার্ডের সঙ্গে ‘দুলাভাই বাহিনী’র গোলাগুলি: ৩ বনদস্যু গুলিবিদ্ধ
শুক্রবার, ২৬ জুন, ২০২৬ ১০:২২ অপরাহ্ন
শেয়ার করুন:
সুন্দরবনের কয়রায় কুখ্যাত বনদস্যু ‘দুলাভাই বাহিনী’র সঙ্গে কোস্ট গার্ডের রাতভর তীব্র গোলাগুলির ঘটনা ঘটেছে। এ অভিযানে গুলিবিদ্ধ অবস্থায় তিন ডাকাত সদস্যকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বনের গহীনে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে বর্তমানে কোস্ট গার্ডের সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে।
খুলনা জেলার কয়রা থানার বনপাড়া সংলগ্ন সুন্দরবনের গভীর অরণ্যে ২৫ জুন দিবাগত রাতে এ সংঘর্ষের ঘটনা ঘটে। শুক্রবার (২৬ জুন) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
কোস্ট গার্ড জানায়, সুন্দরবনে নিয়মিত টহল দেওয়ার সময় কুখ্যাত ডাকাত দল ‘দুলাভাই বাহিনী’র গতিবিধি টের পায় বাহিনীর সদস্যরা। এসময় কোস্ট গার্ডের উপস্থিতি বুঝতে পেরে ট্রলারে থাকা ডাকাতদল অতর্কিত গুলি বর্ষণ শুরু করে। আত্মরক্ষার্থে কোস্ট গার্ডের জোয়ানরাও পাল্টা গুলি চালালে উভয় পক্ষের মধ্যে দীর্ঘ সময় ধরে গোলাগুলি চলে।
একপর্যায়ে ডাকাতদল পিছু হটলে ঘটনাস্থল থেকে তিন বনদস্যুকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। তাদের দ্রুত চিকিৎসার জন্য কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণভাবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।
সুন্দরবনের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার এবং পলাতক ডাকাতদের গ্রেফতারে চিরুনি অভিযান চালাচ্ছে কোস্ট গার্ড। সাধারণ মানুষকে কোনো ধরনের গুজবে কান না দিয়ে স্বাভাবিকভাবে চলাচলের অনুরোধ জানিয়েছে সংস্থাটি। এছাড়া বনের আশপাশের লোকালয়ে ডাকাতরা আশ্রয় নিতে পারে বলে স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
৩৮৬ বার পড়া হয়েছে