ঈশ্বরগঞ্জে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন, ৪ হাজার কৃষক পাচ্ছেন সহায়তা
বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬ ১১:৪৬ অপরাহ্ন
শেয়ার করুন:
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা ও পুনর্বাসন সহায়তা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। এ কর্মসূচির আওতায় খরিপ মৌসুমে উপজেলার ৪ হাজারের বেশি কৃষকের মধ্যে বিনামূল্যে বীজ, সার, চারা ও অন্যান্য কৃষি উপকরণ বিতরণ করা হবে।
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কৃষি প্রণোদনা ও পুনর্বাসন সহায়তা খাতের আওতায় কৃষকদের মধ্যে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে উপজেলা পরিষদের হলরুমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা রিপা রানী চৌহান জানান, ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা ও পুনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায় খরিপ মৌসুমে কৃষকদের মধ্যে গ্রীষ্মকালীন পেঁয়াজ, রোপা আমন ধান, লেবুর চারা, মরিচের বীজ, বিভিন্ন প্রজাতির গাছের চারা, শাক-সবজির বীজ, সার ও অন্যান্য কৃষি উপকরণ বিনামূল্যে বিতরণ করা হচ্ছে।
কর্মসূচির আওতায় ২০ জন কৃষককে গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষের জন্য বীজ, সার, কীটনাশক ও পলিথিন দেওয়া হবে। এছাড়া ৭০ জন কৃষক মরিচ চাষের জন্য প্রয়োজনীয় বীজ, সার ও বালাইনাশক পাবেন।
রোপা আমন ধান চাষে সহায়তা হিসেবে ৩ হাজার ৩০০ জন কৃষকের মধ্যে ধানবীজ ও রাসায়নিক সার বিতরণ করা হবে। একই সঙ্গে ৩০ জন কৃষককে লেবুর চারা ও জৈব সার দেওয়া হবে।
এ ছাড়া ৩২০ জন কৃষক গ্রীষ্মকালীন শাক-সবজি চাষের জন্য বীজ ও সার পাবেন। কর্মসূচির অংশ হিসেবে ৩২২ জন কৃষক এবং ২৪টি প্রতিষ্ঠানের মধ্যে মোট ১ হাজার ৭৩০টি বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হবে।
কৃষি বিভাগ বলছে, উৎপাদন বৃদ্ধি, কৃষকদের খরচ কমানো এবং টেকসই কৃষি সম্প্রসারণের লক্ষ্যে এ ধরনের প্রণোদনা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
১১৩ বার পড়া হয়েছে