গোপালগঞ্জে অপপ্রচার ও অপরাজনীতির বিরুদ্ধে জেলা যুবদলের প্রতিবাদ মিছিল
বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬ ৯:০৮ অপরাহ্ন
শেয়ার করুন:
গোপালগঞ্জে অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে জেলা যুবদল। দলটির ‘সাংগঠনিক সপ্তাহ’ উপলক্ষে বৃহস্পতিবার এক বিশাল প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। গোপালগঞ্জ জেলা যুবদলের এই কর্মসূচিতে বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় জ্যেষ্ঠ নেতারা অংশ নিয়ে অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
বৃহস্পতিবার দুপুরে জেলা শহরের বিসিক এলাকা থেকে যুবদলের নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা আইনজীবী সমিতির কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
জেলা যুবদলের সভাপতি রিয়াজ উদ্দিন লিপটনের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক শরীফ রফিকউজ্জামান। এছাড়া ফরিদপুর বিভাগীয় পর্যবেক্ষণ কমিটির প্রধান ও কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি সাব্বির আহম্মেদ দিপু এবং সহ-সভাপতি মনিরুল ইসলাম সোহাগ বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, দেশের রাজনৈতিক পরিবেশকে অস্থিতিশীল করতে একটি অশুভ চক্র অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত অপরাজনীতিতে মেতে উঠেছে। এ ধরনের চক্রান্ত রুখে দিয়ে গোপালগঞ্জের উন্নয়নের ধারা বজায় রাখতে যুবদলের সকল স্তরের নেতাকর্মীকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকার নির্দেশনা দেওয়া হয়।
সভায় জেলা যুবদলের সাধারণ সম্পাদক রাসেকুজ্জামান পলাশসহ অন্যান্য নেতৃবৃন্দ হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা অপপ্রচার চালিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করবে, তাদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হবে। দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্টকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলে তারা প্রত্যয় ব্যক্ত করেন।
১০৬ বার পড়া হয়েছে