খুলনায় কুখ্যাত সন্ত্রাসী 'চ্যাগা সোহেল' গ্রেপ্তার, খতিয়ে দেখা হচ্ছে খুনের যোগসূত্র
শনিবার, ২০ জুন, ২০২৬ ১:৪০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
খুলনার লবণচরা থানা এলাকার অন্যতম চিহ্নিত ও কুখ্যাত সন্ত্রাসী সোহেল ওরফে ‘চ্যাগা সোহেল’কে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে মহানগরীর টুটপাড়া দক্ষিণ মোল্লাপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে এবং সাম্প্রতিক কয়েকটি হত্যাকাণ্ডের সঙ্গে তার সম্পৃক্ততা খতিয়ে দেখছে পুলিশ।
গ্রেপ্তার হওয়া সোহেল খুলনার দক্ষিণ মোল্লাপাড়া এলাকার শাহাদাত মোল্লার ছেলে। স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে সে লবণচরা ও আশপাশের এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। সে মূলত স্থানীয় ‘পালসার সোহেল’ ও ‘নাদিম’ বাহিনীর অত্যন্ত সক্রিয় সদস্য হিসেবে পরিচিত।
পুলিশ জানিয়েছে, এই সোহেলের বিরুদ্ধে বান্দা বাজার, আশিবিঘা, চানমারী ও জিন্নাহপাড়াসহ লবণচরা থানার বিভিন্ন স্থানে প্রকাশ্য চাঁদাবাজি, হুমকি এবং নানা অপরাধমূলক কর্মকাণ্ডের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। তার অপকর্মে অতিষ্ঠ হয়ে উঠেছিলেন স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ।
লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশারফ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চালানো বিশেষ অভিযানে তাকে ধরা সম্ভব হয়। সোহেলের বিরুদ্ধে থানায় ইতিমধ্যে তিনটি মামলা রয়েছে। এছাড়া সাম্প্রতিক কিছু হত্যাকাণ্ডে তার সম্পৃক্ততার আভাস পাওয়া গেছে, যা গভীর গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে।
১২০ বার পড়া হয়েছে