মুন্সীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক ও কিশোর গ্যাং দমনে ‘জিরো টলারেন্স’ ঘোষণা
সোমবার, ১৫ জুন, ২০২৬ ৪:৪৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
মুন্সীগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় মাদক ও কিশোর গ্যাং নির্মূলে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত টাস্কফোর্স অভিযান পরিচালনা এবং ফিটনেসবিহীন ও লাইসেন্সবিহীন যানবাহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে রোববার (১৪ জুন) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। এতে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান, পুলিশ সুপার মো. মেনহাজুল আলম (পিপিএম), অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম, জেলার বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তাসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরা।
সভায় জুন ২০২৬ মাসের জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। এ সময় বক্তারা মাদক ও কিশোর গ্যাং নির্মূলে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন।
এ ছাড়া অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত টাস্কফোর্স অভিযান পরিচালনা এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর নিবিড় তদারকির মাধ্যমে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।
সভায় জেলা প্রশাসক বিআরটিএকে ফিটনেসবিহীন যানবাহন এবং লাইসেন্স ও রেজিস্ট্রেশনবিহীন গাড়ি ও মোটরসাইকেলের বিরুদ্ধে জেলার সব উপজেলায় অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশ দেন।
১১৫ বার পড়া হয়েছে