রোয়াংছড়িতে শিক্ষার্থীদের স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী
শুক্রবার, ১২ জুন, ২০২৬ ৯:৩৬ অপরাহ্ন
শেয়ার করুন:
শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্কতা, সৃজনশীল চিন্তাশক্তি ও উদ্যোক্তা দক্ষতা বিকাশের লক্ষ্যে বান্দরবানের রোয়াংছড়িতে অনুষ্ঠিত হয়েছে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম-২০২৬’।
শুক্রবার (১৩ জুন) দুপুরে রোয়াংছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত এ প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণা, বিজ্ঞানভিত্তিক বিভিন্ন প্রকল্প এবং সম্ভাবনাময় স্টার্টআপ পরিকল্পনা উপস্থাপন করেন।
রোয়াংছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বৌধিচন্দ্র তঞ্চঙ্গ্যার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে সঞ্চালনা করেন রোয়াংছড়ি কলেজের প্রভাষক উহাইসিং মারমা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোয়াংছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারহান ফাইয়াজ। বিশেষ অতিথি ছিলেন রোয়াংছড়ি কলেজের অধ্যক্ষ জেরী রোয়ালথাং লিয়ান বুইতিং, বান্দরবানের সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু সালেদ মোহাম্মদ ফরিদ উদ্দিন এবং উপজেলা ক্রীড়া কমিটির সভাপতি মংপু মাস্টার।
প্রদর্শনী পরিদর্শন শেষে অতিথিরা শিক্ষার্থীদের গবেষণাধর্মী চিন্তা, সৃজনশীলতা ও সমস্যা সমাধানের সক্ষমতার প্রশংসা করেন। তারা বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে কেবল পাঠ্যবইভিত্তিক জ্ঞান যথেষ্ট নয়; বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনের ক্ষেত্রে দক্ষতা অর্জনের মাধ্যমে শিক্ষার্থীদের ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত হতে হবে।
বক্তারা আরও বলেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে নতুন কিছু উদ্ভাবনের আগ্রহ সৃষ্টি করবে এবং দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার পথ প্রশস্ত করবে। পাশাপাশি স্থানীয় পর্যায়ে বিজ্ঞান ও প্রযুক্তিচর্চার পরিবেশ গড়ে তুলতেও এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানের সমাপনী পর্বে অংশগ্রহণকারী শিক্ষক ও শিক্ষার্থীদের ধন্যবাদ জানানো হয়। এ সময় বক্তারা ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে নিয়মিত এ ধরনের সৃজনশীল আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
১৩৯ বার পড়া হয়েছে