ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপ ভ্যানের ধাক্কায় মা-ছেলেসহ নিহত ৩, আহত ২
শনিবার, ৬ জুন, ২০২৬ ২:৩০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলায় পিকআপ ভ্যানের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে মা ও তার পাঁচ বছর বয়সী সন্তান রয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (৫ জুন) সকালে সদর উপজেলার রামরাইল ইউনিয়নের বিয়াল্লিশহর এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন অটোরিকশা চালক মাহবুব (৪৫), যাত্রী জোসনা বেগম (৪০) এবং তার ছেলে আশরাফুল (৫)। আহত হয়েছেন জোসনা বেগমের স্বামী কাউসার (৫০) ও মেয়ে আদিবা (৪)। তাদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের বাড়ি জেলার কসবা উপজেলার মূলগ্রাম ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে।
পুলিশ জানায়, সকালে কাউসার তার স্ত্রী ও সন্তানদের নিয়ে কসবা থেকে সিএনজিচালিত অটোরিকশায় সরাইল-বিশ্বরোডের দিকে যাচ্ছিলেন। পথে বিয়াল্লিশহর এলাকায় পেছন দিক থেকে আসা মাছবোঝাই একটি পিকআপ ভ্যান অটোরিকশাটিকে ধাক্কা দিলে সেটি দুর্ঘটনার কবলে পড়ে।
এতে অটোরিকশার আরোহীরা গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।
খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু তাহের জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। তবে দুর্ঘটনার পরপরই পিকআপ ভ্যানের চালক ও তার সহযোগী পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
১২৮ বার পড়া হয়েছে