ব্রাহ্মণবাড়িয়ায় প্রাইভেটকার-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১
শনিবার, ৬ জুন, ২০২৬ ২:২৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. অলি মিয়া (৫৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (৫ জুন) সকালে উপজেলার বাড়িউড়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত অলি মিয়া সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের বরইবাড়ি গ্রামের বাসিন্দা এবং হাজী মোহাম্মদ ইদন মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ব্যবসায়িক কাজে অলি মিয়া বিশ্বরোড মোড় থেকে একটি সিএনজিচালিত অটোরিকশায় করে মাধবপুরের উদ্দেশে রওনা হন। পথে বাড়িউড়া বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষের তীব্রতায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে গুরুতর আহত হন অলি মিয়া। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ সময় দুর্ঘটনাকবলিত প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশাটি জব্দ করা হয়।
খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু তাহের জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। প্রাইভেটকারটি পুলিশ হেফাজতে রয়েছে এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
১৩৭ বার পড়া হয়েছে