সর্বশেষ

সারাদেশ

ঈশ্বরগঞ্জে দুই গ্রামের সংঘর্ষ: বিয়ে বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ

আওলাদ রুবেল, ময়মনসিংহ 
আওলাদ রুবেল, ময়মনসিংহ 

সোমবার, ১ জুন, ২০২৬ ২:৫২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা ইউনিয়নের চরআলগী ও মরিচারচর গ্রামের বাসিন্দাদের মধ্যে পূর্ব বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এ ঘটনায় কয়েকটি বাড়িতে হামলা, ভাঙচুর এবং খড়ের গাদায় অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। সংঘর্ষের সময় একটি বিয়ে বাড়িতেও হামলার ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন ভুক্তভোগীরা।

রোববার (৩১ মে) সকালে উপজেলার চরআলগী ও মরিচারচর গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, সংঘর্ষের সময় চরআলগী গ্রামের ১৫ থেকে ২০টি বাড়িতে হামলা ও লুটপাট চালানো হয়। পাশাপাশি শতাধিক খড়ের গাদার মধ্যে অর্ধশতাধিক গাদায় আগুন দেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে।

এদিকে চরআলগী গ্রামের বাসিন্দা নাজিম উদ্দিনের মেয়ের বিয়ের আয়োজন চলাকালে হামলাকারীরা বিয়ে বাড়িতে প্রবেশ করে ভাঙচুর চালায় এবং রান্না করা খাবার নষ্ট করে বলে অভিযোগ করেন স্বজনরা। এতে বিয়ের অনুষ্ঠান ব্যাহত হয়।

নাজিম উদ্দিনের ভাই আলাল উদ্দিন জানান, ঘটনার আকস্মিকতায় পরিবারের সদস্যরা মানসিকভাবে ভেঙে পড়েছেন। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।

স্থানীয় কয়েকজনের ভাষ্য অনুযায়ী, ঈদের দিন বিকেলে উচাখিলা ইউনিয়নের ব্রহ্মপুত্র নদ তীরবর্তী এলাকায় এক নারীকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। পরবর্তীতে এ বিরোধের জের ধরে শনিবার ও রোববার ধারাবাহিক উত্তেজনা সৃষ্টি হয় এবং সংঘর্ষে রূপ নেয়।

তবে মরিচারচর গ্রামের কয়েকজন বাসিন্দা বিয়ে বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ অস্বীকার করেছেন। তাদের দাবি, এসব অভিযোগ সত্য নয় এবং প্রকৃত ঘটনা ভিন্নভাবে উপস্থাপন করা হচ্ছে।

উচাখিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল হাসান খান সেলিম বলেন, একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। সংঘর্ষে বেশ কয়েকটি বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে, যা অত্যন্ত দুঃখজনক।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজম বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

১৬০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন