মাদক ব্যবসার প্রতিবাদে যুবদল নেতার ওপর হামলা, টাকা ও মোবাইল ছিনতাই
বুধবার, ২০ মে, ২০২৬ ৬:৩৫ অপরাহ্ন
শেয়ার করুন:
রাজশাহী মহানগরীর কাদিরগঞ্জ এলাকায় মাদক ব্যবসার বিরুদ্ধে অবস্থান নেওয়ায় আশিকুর রহমান রাফি (৩৭) নামে এক যুবদল নেতাকে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৯ মে) বর্ণালী মোড় এলাকায় এ হামলার ঘটনা ঘটে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কাদিরগঞ্জ এলাকার ইব্রাহিম হোসেন নাঈম, রুনা, রুমা ও মৃদুল দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাদের এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে রাফি একাধিকবার প্রতিবাদ জানান। স্থানীয়রাও বিষয়টি নিয়ে সতর্ক করলেও অভিযুক্তরা কার্যক্রম বন্ধ না করে বরং ক্ষুব্ধ হয়ে ওঠে।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাফির ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ পাওয়া গেছে। হামলাকারীরা তাকে মারধর করে এবং গরু কেনার জন্য রাখা ১ লাখ ৮৫ হাজার টাকা ও একটি টেকনো স্পার্ক ১০ প্রো মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
পরে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করার সময় প্রাণনাশের হুমকি দেয় বলেও অভিযোগ রয়েছে। আহত অবস্থায় রাফিকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন।
এ বিষয়ে বোয়ালিয়া মডেল থানার এক কর্মকর্তা জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
৭৯২ বার পড়া হয়েছে