সালথায় বৈদ্যুতিক তার ছিঁড়ে পাটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড
শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬ ৬:৪৬ অপরাহ্ন
শেয়ার করুন:
ফরিদপুরের সালথা উপজেলায় বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়ার কারণে একটি পাটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে।
আগুনে প্রায় ৩৫০ মণ পাট ও ৩০ মণ মসুরি সহ তিনটি দোকান সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়েছে। ঘটনা ঘটে শুক্রবার (২৭ মার্চ) সকাল ৮টার দিকে উপজেলার সালথা বাজার সংলগ্ন পুরুরা সড়কে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৮টার দিকে রাস্তার ওপর দিয়ে যাওয়া বৈদ্যুতিক মেইন লাইনের তার হঠাৎ একটি পাটের গোডাউনের ওপর পড়ে। শুকনো পাটে আগুন মুহূর্তেই লেলিহান হয়ে চারদিকে ছড়িয়ে পড়ে এবং পাশের আরও দুটি দোকানে বিস্তার লাভ করে।
খবর পেয়ে সালথা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। প্রায় আড়াই ঘণ্টার চেষ্টার পর সকাল সাড়ে ১০টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।
ক্ষতিগ্রস্ত পাট ব্যবসায়ী দাবি করেছেন, অগ্নিকাণ্ডে তার ৩৫০ মণ পাট ও ৩০ মণ মসুরি সহ অন্যান্য মালামাল পুড়ে অন্তত ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে ফায়ার সার্ভিসের প্রাথমিক মূল্যায়নে ক্ষয়ক্ষতির পরিমাণ কিছুটা কম ধরা হয়েছে।
সালথা ফায়ার সার্ভিস স্টেশনের সাব-অফিসার মো. আব্দুল জলিল জানান, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুনের সূত্রপাত হয়েছে। আমাদের টিমের দ্রুত তৎপরতায় প্রায় ৫০ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে আগুনে আনুমানিক ২৫ লাখ টাকার সম্পদ পুড়ে গেছে।”
ঘটনাস্থল পরিদর্শন শেষে সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দবির উদ্দীন বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হওয়ায় বিদ্যুৎ বিভাগের সঙ্গে সমন্বয় করে লাইনের নিরাপত্তা নিশ্চিত করা হবে। তিনি ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দিয়েছেন।
১০৫ বার পড়া হয়েছে