মুক্তাগাছায় প্রধানমন্ত্রীকে নিয়ে অপপ্রচার, কারাগারে জামায়াত নেতা
শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬ ৬:০৬ অপরাহ্ন
শেয়ার করুন:
ময়মনসিংহের মুক্তাগাছায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে আজিজুল হক (৩৫) নামে একজন জামায়াত নেতাকে ৫৪ ধারায় আটক দেখিয়ে মামলা ছাড়াই আদালতে পাঠানো হয়েছে।
এই ঘটনায় স্থানীয় রাজনৈতিক নেতাদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে।
গ্রেপ্তার আজিজুল হক জেলার মুক্তাগাছা উপজেলার কাশিমপুর ইউনিয়নের ঝনকা বড়টেঙ্গর গ্রামের ইব্রাহিমের ছেলে। তিনি ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক হিসেবে পরিচিত।
শুক্রবার (২৭ মার্চ) বিকালে মুক্তাগাছা থানা পুলিশ তাকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠায়। পরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইকবাল হোসেন তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালত পরিদর্শক মোস্তাছিনুর রহমান জানান, বিচারক শুনানি শেষে আজিজুল হককে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
পুলিশ জানায়, অজ্ঞাতনামা ব্যক্তি প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি একটি নারীর অশ্লীল ছবির সঙ্গে এডিট করে “অনেক দিন পর বান্ধবীর সঙ্গে দেখা” শিরোনামে পোস্ট করেন। আজিজুল হক ওই পোস্টটি নিজের ফেসবুক আইডিতে শেয়ার করেন। এছাড়া তিনি নিয়মিত দেশ ও সরকারবিরোধী বিভিন্ন পোস্ট দিয়ে আসছিলেন।
পুলিশ আরও জানায়, আজিজুল হক গভীর রাতে ঝনকা বাজার নার্সারিতে অচেনা ব্যক্তিদের নিয়ে গোপন মিটিং করতেন। এই সন্দেহজনক কর্মকাণ্ডের ভিত্তিতে বৃহস্পতিবার রাত দেড়টায় তাকে গ্রেপ্তার করা হয়।
মুক্তাগাছা উপজেলা জামায়াতের আমির শামসুল হক বলেন, “আজিজুল হক জামায়াত নেতা নয়, সে একজন জামায়াত কর্মী। শুনেছি প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তি করার কারণে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। জামায়াত নেতাকর্মীরা তাকে ছাড়াতে থানায় গিয়েছিল।”
মুক্তাগাছা থানার ওসি মো. লুৎফর রহমান জানান, “প্রধানমন্ত্রীকে নিয়ে অপপ্রচারের কারণে আজিজুল হককে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। বিষয়টি প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পর্কিত হওয়ায় মামলার আগে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করা হয়। ২৪ ঘণ্টা পার হওয়ার কারণে মামলার আগে তাকে আদালতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে সাইবার আইনে মামলা প্রক্রিয়াধীন, স্থানীয় এক রাজনৈতিক কর্মী বাদী হয়ে মামলা দায়ের করবেন।”
১২২ বার পড়া হয়েছে