বরিশালের মুলাদিতে অগ্নিকাণ্ডে পাঁচ দোকান পুড়ে ছাই
শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬ ৫:২৮ অপরাহ্ন
শেয়ার করুন:
বরিশালের মুলাদি পৌরসভার পাইতি খোলা খেয়াঘাট এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডে চারটি দোকান সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায় এবং অপর একটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়। এতে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হলেন—শাহিন খান, ছোরাফ শিকদার, রুহুল আমিন, বেল্লাল শিকদার ও আজিজুল। আগুনে তাদের দোকানে থাকা সব মালামাল পুড়ে যাওয়ায় তারা এখন দিশেহারা হয়ে পড়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে হঠাৎ আগুনের সূত্রপাত হলে তা দ্রুত পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতায় মুহূর্তেই দোকানগুলো লেলিহান শিখায় গ্রাস হয়। পরে স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা সম্ভব হয়নি। তবে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, তাদের জীবিকার একমাত্র অবলম্বন সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে।
এদিকে, ক্ষতিগ্রস্তরা উপজেলা প্রশাসনের কাছে আর্থিক সহায়তা ও পুনর্বাসনের দাবি জানিয়েছেন। স্থানীয় প্রশাসন জানিয়েছে, ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করে প্রয়োজনীয় সহায়তার বিষয়টি বিবেচনা করা হবে।
১০৫ বার পড়া হয়েছে