কলাপাড়ায় ফসলি জমির মাটি কেটে বিক্রি, বিক্রেতাকে লাখ টাকা জরিমানা
সোমবার, ১৬ মার্চ, ২০২৬ ১০:৩৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার চাকামইয়া ইউনিয়নের গামুরবুনিয়া গ্রামে ফসলি জমি থেকে মাটি কেটে ইটভাটায় বিক্রির অভিযোগে হারুন বিশ্বাস নামে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
জরিমানা অনাদায়ে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
সোমবার সকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াসীন সাদেক।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার চাকামইয়া ইউনিয়নের গামুরবুনিয়া গ্রামে সরকারের অনুমতি ছাড়াই একটি চক্র তফসিলি কৃষিজমির মাটি বেকু (খনন) মেশিন দিয়ে কেটে ইটভাটায় বিক্রি করে আসছিল। এ বিষয়ে অভিযোগ পাওয়ার পর রবিবার সকালে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বেকু মেশিনসহ মাটি বিক্রেতা, মহাজন ও বেকু চালককে আটক করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াসীন সাদেক জানান, তফসিলি জমির শ্রেণি পরিবর্তন এবং অবৈধভাবে মাটি কেটে ইটভাটায় বিক্রির অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) অনুযায়ী মাটি বিক্রেতা হারুন বিশ্বাসকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
১২২ বার পড়া হয়েছে