নেত্রকোনায় বজ্রপাতে দুইজনের মৃত্যু
শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬ ৩:৩৪ অপরাহ্ন
শেয়ার করুন:
নেত্রকোনার খালিয়াজুরী ও দুর্গাপুর উপজেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় শুক্রবার দুপুরে দুজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে একজন কৃষক ও অপরজন রাজমিস্ত্রি ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, খালিয়াজুরী উপজেলার চাকুয়া গ্রামের রাজেন্দ্র সরকারের ছেলে কৃষক সুদিন সরকার (৪৩) বাড়ির পাশে নলচিটি হাওড়ে গরু খাওয়ানোর সময় হঠাৎ বজ্রপাতে মারাত্মক আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অপর ঘটনায়, একই দিনে দুর্গাপুর উপজেলার চণ্ডিগড় ইউনিয়নের আলমপুর গ্রামের আকাশ মিয়া (২৫) নামে একজন যুবক বজ্রপাতে নিহত হন। তিনি স্থানীয় মজিবুর রহমানের ছেলে ও পেশায় রাজমিস্ত্রি ছিলেন। আকাশ মিয়াকে স্থানীয়রা ধানক্ষেতের পাশে অচেতন অবস্থায় দেখতে পান এবং হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নেত্রকোনার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুখময় সরকার জানিয়েছেন, পৃথক দুই উপজেলার ইউএনওরা নিহতের পরিবারের খোঁজ খবর নিচ্ছেন। প্রতিটি পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার টাকা করে প্রদান করা হবে এবং শুকনো খাবারের মাধ্যমে দাফন কার্যক্রমে সহযোগিতা করা হবে।
১১৯ বার পড়া হয়েছে