ফরিদপুরে বৃদ্ধাশ্রমে প্রবীণদের সঙ্গে ইফতার ও ঈদ উপহার বিতরণ
সোমবার, ৯ মার্চ, ২০২৬ ৬:১৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে ফরিদপুরের শান্তিনিবাস বৃদ্ধাশ্রমে বসবাসরত প্রবীণদের সঙ্গে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণের আয়োজন করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ফোরাম ফরিদপুরের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রবীণদের সঙ্গে আনন্দঘন পরিবেশে ইফতার করেন অতিথিরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ কামরুল হাসান মোল্যা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) মো. নজরুল ইসলাম। তারা বৃদ্ধাশ্রমের বাসিন্দাদের সঙ্গে ইফতার করেন এবং তাদের হাতে ঈদ উপহার তুলে দেন। এ সময় প্রবীণদের সঙ্গে কুশল বিনিময় করে তাদের খোঁজখবর নেন অতিথিরা।
বক্তারা বলেন, সমাজের প্রবীণ মানুষের প্রতি সম্মান ও সহমর্মিতা দেখানো আমাদের নৈতিক দায়িত্ব। রমজানের এই পবিত্র সময়ে তাদের পাশে দাঁড়ানো মানবিক মূল্যবোধকে আরও শক্তিশালী করে। এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেয় এবং তরুণ প্রজন্মকে মানবিক কাজে উদ্বুদ্ধ করে বলেও তারা উল্লেখ করেন।
অনুষ্ঠানের আহ্বায়ক ছিলেন সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর এস. এম. আবদুল হালিম। সার্বিক সহযোগিতা করেন ফরিদপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা বাকাহীদ হোসেন। আয়োজন সফল করতে নেতৃত্ব দেন ঢাকা বিশ্ববিদ্যালয় ফোরাম ফরিদপুরের সদস্য সচিব জামাল হোসেন। এ সময় আলমগীর হোসেন, গোলাম কিবরিয়া, মুহিবুল্লাহসহ ফোরামের অন্যান্য সদস্যরা সহযোগিতা করেন।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ফোরাম ফরিদপুরের প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও সরকারি রাজেন্দ্র কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর অসীম কুমার সাহা, সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সুলতান মাহমুদ হিরক, প্রফেসর রেজভী জামান, প্রফেসর ওবায়দুর রহমানসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজনেরা।
আয়োজকদের এ মানবিক উদ্যোগে শান্তিনিবাসের প্রবীণ বাসিন্দারা আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাদের মতে, এ ধরনের আয়োজন একাকিত্ব কমাতে সহায়তা করে এবং উৎসবের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করার সুযোগ তৈরি করে।
১১১ বার পড়া হয়েছে