চাঁদাবাজির অভিযোগ ‘ভিত্তিহীন’: রাজশাহী মহানগর যুবদলের প্রতিবাদ
রবিবার, ৮ মার্চ, ২০২৬ ৭:১৬ অপরাহ্ন
শেয়ার করুন:
রাজশাহী মহানগর যুবদলের নেতাদের বিরুদ্ধে প্রকাশিত একটি সংবাদকে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে সংগঠনটি।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, গত ৮ মার্চ রাত প্রায় ১০টার দিকে একটি অনলাইন মাধ্যমে “চাঁদা না পেয়ে বিটিআরসি কর্মকর্তার ওপর হামলা” শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। প্রকাশিত ওই প্রতিবেদনের তীব্র প্রতিবাদ জানিয়ে রাজশাহী মহানগর যুবদল বলেছে, ঘটনাটি মূলত জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ঘটেছে এবং এর সঙ্গে চাঁদা দাবির কোনো সম্পর্ক নেই।
বিবৃতিতে বলা হয়, বিটিআরসি কর্মকর্তা ঈশরাফিল আলম (৬০) ও তার প্রতিবেশীর মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এ বিষয়ে ঈশরাফিল আলমের স্ত্রী মোছা. নাসরিন রাজশাহী মহানগরীর রাজপাড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। সেখানে জমি সংক্রান্ত বিরোধের বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে এবং উভয় পক্ষ একই এলাকার বাসিন্দা বলে জানানো হয়েছে।
যুবদলের দাবি, অভিযোগকারী নাসরিনের সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে কথা বলে তারা জানতে পেরেছেন যে, ভবনের নির্মাণকাজ ও জমি সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করেই প্রতিবেশীর সঙ্গে তাদের বিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে বাকবিতণ্ডা থেকে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। তবে এর সঙ্গে চাঁদা দাবির কোনো সংশ্লিষ্টতা নেই।
সংগঠনটি আরও অভিযোগ করে, প্রকাশিত সংবাদে রাজশাহী মহানগর যুবদলের ৫ নম্বর ওয়ার্ড কমিটির যুগ্ম আহ্বায়ক মিমের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আনা হয়েছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। এতে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলেও উল্লেখ করা হয়।
একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের সংবাদ প্রকাশের আগে সঠিক তথ্য যাচাই করে দায়িত্বশীলতার সঙ্গে সংবাদ প্রকাশের জন্য সংশ্লিষ্ট সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছে রাজশাহী মহানগর যুবদল।
বিবৃতিতে স্বাক্ষর করেন রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক (ভারপ্রাপ্ত) মো. শরিফুল ইসলাম জনি এবং সদস্য সচিব রফিকুল ইসলাম রবি।
২৭২ বার পড়া হয়েছে