চাঁদপুরে মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় কৃষক বাবাকে পিটিয়ে হত্যা
রবিবার, ৮ মার্চ, ২০২৬ ৫:৩৫ অপরাহ্ন
শেয়ার করুন:
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের হরিনা গ্রামে এক কৃষককে বখাটে যুবকদের হামলায় গুরুতর আহত হয়ে মৃত্যু হয়েছে।
নিহতের নাম জাকির হোসেন মিয়াজী (৪৫)। তিনি ৩ কন্যা ও ২ পুত্রসহ ৫ সন্তানের পিতা এবং কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করতেন।
স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, জাকির হোসেনের ২য় মেয়ে সাকিবা আক্তার (১৫) নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী। প্রতিদিন স্কুলে যাতায়াতের পথে কয়েকজন যুবক তাকে উত্ত্যক্ত করত। বিষয়টি জাকির হোসেন প্রধান শিক্ষকের নিকট জানালে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে ২৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় নিশ্চিন্তপুর বাজারে তার ওপর হামলা চালায়।
হামলায় জাকির হোসেন মাথায় গুরুতর আঘাত পান। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে, অবস্থার অবনতি হলে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তিনি ১৩ দিন চিকিৎসাধীন থাকার পর রবিবার ভোর ৫টায় মারা যান।
নিহতের ছোট ভাই হোসেন মিয়াজী চাঁদপুর আদালতে হত্যা মামলা দায়ের করেছেন। নিহতের স্ত্রী পারভীন আক্তার বলেন, “আমার স্বামী একজন সৎ কৃষক ছিলেন। মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় তাকে নির্মমভাবে মারধর করা হয়েছে। আমি চাই, এই হত্যার যথাযথ বিচার হোক।”
মতলব উত্তর থানার ওসি মো: কামরুল হাসান জানান, জড়িতদের গ্রেফতারে পুলিশ অভিযান চালানো হবে এবং হত্যার নতুন মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
১১২ বার পড়া হয়েছে