ফরিদপুরে এনসিপি’র বিভাগীয় ইফতার ও রাজনৈতিক আলোচনা সভা
রবিবার, ৮ মার্চ, ২০২৬ ১০:৪৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ফরিদপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র উদ্যোগে শনিবার (৭ মার্চ) বিকেলে শহরের অম্বিকা ময়দানে বিভাগীয় ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফরিদপুর জেলা এনসিপির আহ্বায়ক ডা. বায়েজিদ হোসেন শাহেদ।
ঢাকা-১১ আসনের সংসদ সদস্য এবং জাতীয় সংসদের বিরোধী দলের চিফ হুইপ মোহাম্মদ নাহিদ ইসলাম প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। প্রধান বক্তা ছিলেন এনসিপি’র উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ফরিদপুর সদর-১ আসনের সংসদ সদস্য ডা. ইলিয়াস মোল্লা, ফরিদপুর বিভাগীয় সম্পাদক নিজামুদ্দিন আহমেদ, জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় আহ্বায়ক অ্যাডভোকেট তরিকুল ইসলাম, জাতীয় ছাত্র শক্তির কেন্দ্রীয় কমিটির সভাপতি জাহিদ আহসান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ফরিদপুর জেলা শাখার আমির মাওলানা মো. বদরুদ্দিন, ফরিদপুর-২ আসনের খেলাফত ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা শাহ আকরাম আলী, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য প্রফেসর আবদুত তাওয়াব, ফরিদপুর জেলা খেলাফত মজলিসের সভাপতি মো. আমজাদ হোসেন এবং সাবেক মন্ত্রী প্রয়াত আলী আহসান মোহাম্মদ মুজাহিদের পুত্র মোহাম্মদ আলী আহসান তাসকির। অনুষ্ঠান পরিচালনা করেন এনসিপির সাংগঠনিক সম্পাদক নাজমুল হুদা।
সভায় বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। তারা উল্লেখ করেন, জাতীয় সংসদ নির্বাচনের প্রতি সাধারণ মানুষের আস্থা কমে গেছে এবং গণতান্ত্রিক প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হয়েছে। বক্তারা অভিযোগ করেন, পূর্ববর্তী সরকার দেশের বিভিন্ন সাংবিধানিক ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয়করণের পথে পরিচালিত করেছে এবং বর্তমান পরিস্থিতিতেও সেই ধারা অব্যাহত রয়েছে।
বক্তারা আরও বলেন, দেশের প্রয়োজনীয় সংস্কারের পথে কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না। তারা জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়নের আহ্বান জানান এবং উল্লেখ করেন, ২০২৪ সালে তরুণরা যে স্বপ্ন বুকে নিয়ে জীবন দিয়েছেন, সেই স্বপ্ন এখনও পুরোপুরি বাস্তবায়িত হয়নি।
সভায় শিক্ষাব্যবস্থা ও যুব সমাজের প্রাসঙ্গিক বিষয়েও গুরুত্বারোপ করা হয়। বক্তারা দাবি করেন, ইনসাফভিত্তিক বাংলাদেশ গঠনে প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন করতে হবে, শিক্ষা সংস্কার আইন দ্রুত প্রণয়ন করা উচিত এবং দেশের প্রতিটি কলেজে ছাত্র সংসদ নির্বাচন চালু করতে হবে।
সভায় তরুণ সমাজকে রাজনৈতিকভাবে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। বক্তারা বলেন, নতুন বাংলাদেশ গড়তে হলে তরুণদের অধিকার সম্পর্কে সচেতন হতে হবে এবং গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখতে হবে।
ইফতার মাহফিলের আগে দেশ ও জনগণের কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ফরিদপুর জেলা শাখার আমির মোঃ বদর উদ্দিন। এরপর মাহফিলের মাধ্যমে সকল অংশগ্রহণকারীরা ইফতার করেন। অনুষ্ঠানে দলের নেতাকর্মীসহ বিভিন্ন ব্যক্তিবর্গ অংশ নেন।
১১১ বার পড়া হয়েছে