ঝিনাইদহে তেল নিতে গিয়ে পাম্প কর্মীদের মারধরে যুবকের মৃত্যু, আটক ৩
শনিবার, ৭ মার্চ, ২০২৬ ৭:৪৫ অপরাহ্ন
শেয়ার করুন:
ঝিনাইদহে পেট্রোল পাম্পে তেল নিতে গিয়ে বাকবিতণ্ডার জেরে পাম্পের কর্মীদের মারধরে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তেল পাম্পের তিন কর্মীকে আটক করেছে পুলিশ।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।
শনিবার (৭ মার্চ) রাত সাড়ে ৭টার দিকে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার তাজ ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম নিরব আহমেদ। তিনি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার বাদুরগাছি গ্রামের আলিমুর বিশ্বাসের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে বোতলে তেল নিতে তাজ ফিলিং স্টেশনে আসেন নিরব আহমেদ। তবে পাম্পের কর্মচারীরা বোতলে তেল দিতে অপারগতা প্রকাশ করেন। কিছুক্ষণ পর আবারও তিনি পাম্পে ফিরে আসেন। এ সময় অন্য এক ব্যক্তিকে বোতলে তেল দেওয়া হচ্ছে দেখে তিনি প্রতিবাদ জানান। এ নিয়ে পাম্পের কর্মচারীদের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে পাম্পের কর্মচারীরা লাঠি দিয়ে নিরবকে পিটিয়ে গুরুতর আহত করে।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় র্যাব পাম্পের তিন কর্মচারীকে আটক করেছে।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে শহরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে তাজ ফিলিং স্টেশনের মালিকানাধীন আরেকটি পাম্পে উত্তেজিত জনতা ভাঙচুর চালায়।
নিহত নিরব আহমেদের খালাতো ভাই সোহেল হোসেন বলেন, “আমার ভাই খুবই সাধাসিধে মানুষ। মোটরসাইকেলের জন্য তেল নিতে গিয়ে পাম্পের কর্মীদের সঙ্গে তার সামান্য কথা কাটাকাটি হয়। কিন্তু তারা সন্ত্রাসী কায়দায় লাঠিসোটা দিয়ে পিটিয়ে আমার ভাইকে খুন করেছে। আমি এই হত্যাকাণ্ডের বিচার চাই।”
ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ হোসেন বলেন, নিরব নামে এক যুবক পাম্পে তেল নিতে এলে পাম্পের কর্মীদের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তারা তাকে মারধর করে গুরুতর আহত করে। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পাম্পের তিন কর্মীকে আটক করা হয়েছে এবং পাম্প এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
১১২ বার পড়া হয়েছে