সিলেটে দিনদুপুরে নারীর ওপর ছিনতাইয়ের চেষ্টা, সিসিটিভি ফুটেজ ভাইরাল
শনিবার, ৭ মার্চ, ২০২৬ ২:৩৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সিলেট নগরে প্রকাশ্যে ছিনতাইয়ের ঘটনা বাড়তে থাকায় উদ্বেগ বাড়ছে নগরবাসীর মধ্যে।
নগরের হাউজিং এস্টেট এলাকায় ছিনতাইয়ের ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার সাগরদিঘীর পাড় এলাকায় এক নারীর ওপর ছিনতাইয়ের চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। ঘটনাটির সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
জানা গেছে, বৃহস্পতিবার সকালে নগরের সাগরদিঘীর পাড় এলাকায় এ ঘটনা ঘটে। তবে শুক্রবার দুপুরের দিকে সিসিটিভি ফুটেজটি অনলাইনে ভাইরাল হলে বিষয়টি সামনে আসে।
ফুটেজে দেখা যায়, সড়ক দিয়ে হেঁটে যাওয়া এক নারীকে একটি পালসার মোটরসাইকেলে আসা দুই যুবক ঘিরে ধরে। তাদের হাতে দেশীয় অস্ত্র ছিল। তারা ওই নারীর মোবাইল ফোন, ব্যাগ ও স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।
এ সময় ওই নারী তার ব্যাগ ও মোবাইল দিতে অস্বীকৃতি জানিয়ে ছিনতাইকারীদের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন। একপর্যায়ে দুর্বৃত্তরা দেশীয় অস্ত্র দিয়ে তার হাতে কয়েকবার আঘাত করে। তবে মোবাইল ফোন ও ব্যাগ নিতে ব্যর্থ হয়ে তারা নারীর হাতঘড়ি ছিনিয়ে মোটরসাইকেলে করে দ্রুত পালিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটলেও রাতের দিকে সিসিটিভি ফুটেজটি পুলিশের নজরে আসে। পরে ভোররাত তিনটার দিকে কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ ও তদন্ত কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠানো হয়।
তিনি বলেন, ভুক্তভোগী নারীর পরিচয় শনাক্ত করে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। এছাড়া আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে আইপি ক্যামেরার মাধ্যমে বিশ্লেষণ করা হচ্ছে।
দিনদুপুরে এমন ঘটনার ফলে নগরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ধরনের অপরাধ ঠেকাতে পুলিশের টহল ও নজরদারি বাড়ানো হবে।
তবে এখন পর্যন্ত এ ঘটনায় ভুক্তভোগীর পক্ষ থেকে থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি বলে জানিয়েছে পুলিশ।
এর আগে গত ২৪ ফেব্রুয়ারি নগরের হাউজিং এস্টেট এলাকায় প্রকাশ্যে আরেকটি ছিনতাইয়ের ঘটনা ঘটে। সেসময় সিসিটিভি ফুটেজে দেখা যায়, তিনটি মোটরসাইকেলে আসা ছয়জন দুর্বৃত্ত একটি অটোরিকশার গতিরোধ করে ভেতরে থাকা ব্যাগ ছিনিয়ে নেয়।
পুলিশ সূত্রে জানা যায়, ওই নারী ব্যাংক থেকে টাকা তুলে বাসায় ফেরার পথে ছিনতাইয়ের শিকার হন। ছিনতাইকারীরা তার ব্যাগে থাকা নগদ টাকা ও চেকবইয়ের কয়েকটি পাতা নিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় সিলেট মহানগর পুলিশ কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরী জানিয়েছেন, ছিনতাইকারীদের শনাক্ত করা হয়েছে। তারা বর্তমানে নগরের বাইরে অবস্থান করছে বলে ধারণা করা হচ্ছে। তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
মাত্র আট দিনের ব্যবধানে নগরে প্রকাশ্যে দুই দফা ছিনতাইয়ের ঘটনায় নগরবাসীর মধ্যে আতঙ্ক ও উদ্বেগ বাড়ছে। গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
১৬৮ বার পড়া হয়েছে